কানাডা খুনিদের অভয়ারণ্য হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কানাডা বিশ্বের খুনি ও অপরাধীদের অভয়ারণ্য হতে পারে না। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। মুহাম্মদ ইউনূসের অপসারণ ছিল আদালতের বিষয়। গত রোববার বিকেলে মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে কানাডা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ১৮ মে এক সপ্তাহের ব্যক্তিগত সফরে কানাডা এসেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় এক ঘণ্টার বক্তব্যে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের লিখিত প্রশ্নের জবাব দেন। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর কানাডায় অবস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন, কানাডা সরকার খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেবে না। বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘কানাডা সরকার যদি খুনিদের রেখে দিতে চায়, তাহলে বাংলাদেশের সব খুনিকে আমি এখানে পাঠিয়ে দেব।’যুদ্ধাপরাধীদের বিচার আদৌ তাঁর সরকার শেষ করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার-প্রক্রিয়া এখনো চলছে। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারও একটি চলমান প্রক্রিয়া। গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আদালতের বিষয় ছিল। আমরা আদালতের বাইরে কিছু করতে পারি না।’প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে তাঁর সরকার সচেতন। বিনিয়োগকারীদের জন্য জমি ও বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য তাঁর সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব-সংক্রান্ত জটিলতা দূর করা হয়েছে। শেখ হাসিনা বিগত বিএনপি জোট সরকারের সমালোচনা করে বলেন, দেশে তারা লুটপাটতন্ত্র কায়েম করেছিল। জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছিল। বর্তমান সরকার কঠোর হাতে জঙ্গি দমন করেছে। তিনি বলেন, বিরোধী দলের নেতারা সংসদে জনগণের কথা বলতে আসেন না, কিন্তু সংসদীয় কমিটির মিটিংয়ে আসেন, বিদেশে ভ্রমণের জন্য তদবির করতে আসেন। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় তাঁর সরকার অসহায় হয়ে পড়েছে। এরপরও তাঁর সরকার বিদেশ থেকে ৫২ টাকা কেজি দরে চাল কিনে তা ওএমএসের মাধ্যমে ২৪ টাকায় বিক্রি করছে। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কানাডা আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্সের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।প্যারিসের উদ্দেশে আজ টরন্টো ত্যাগ: বাসস জানায়, প্রধানমন্ত্রী ‘গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রাম অন গার্লস অ্যান্ড উইমেনস এডুকেশন’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার বিকেলে (স্থানীয় সময়) প্যারিসের উদ্দেশে টরন্টো ত্যাগ করবেন। তিনি বুধবার সকালে প্যারিস পৌঁছাবেন এবং বৃহস্পতিবার ওই সম্মেলনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দেবেন। পাশাপাশি বুধবার তিনি প্যারিসে ডুফিন ইউনিভার্সিটিতে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে গণতন্ত্র সুসংহতকরণ এবং নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে স্বর্ণপদক প্রদান করা হবে।