কানাডা যাচ্ছেন বাংলাদেশি আট শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে কানাডা যাচ্ছেন বাংলাদেশি আট শিল্পী। তাঁরা হলেন সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, পার্থ বড়ুয়া, এস আই টুটুল, অদিতি মহসিন, শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। কাল মঙ্গলবার কানাডার উদ্দেশে তাঁরা বাংলাদেশ ছাড়বেন। কানাডার ক্যালগেরিতে স্থানীয় বাঙালিদের আমন্ত্রণে ২৪ ও ২৫ ডিসেম্বর বাংলাদেশ-কানাডা উত্সবে গান করবেন তাঁরা।আজ সোমবার মুঠোফোনে এস আই টুটুল বলেন, ‘স্বাধীনতার চল্লিশ বছর উপলক্ষে কানাডার ক্যালগেরির বাঙালিরা দুই দিনের বিজয় উত্সবের আয়োজন করেছে। সেখানেই গান করতে যাচ্ছি আমরা।’টুটুল আরও বলেন, ‘প্রবাসী বাঙালিরা সব সময় আমাদের গান শুনে থাকেন। কিন্তু তাঁদের সঙ্গে সামনাসামনি আমাদের কোনো কথাবার্তা হয় না। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ ঘটবে। এটা আমাদের জন্য আনন্দের। একেবারেই অন্য রকম একটা অনুভূতি।’পার্থ বড়ুয়া বলেন, ‘এর আগে কানাডার মন্ট্রিল ও টরেন্টোতে আমি গান গেয়েছি। এবার গান করব ক্যালগেরিতে। অবশ্য এর আগে কাল মঙ্গলবার সকালে যাচ্ছি অস্ট্রেলিয়ায়। সেখানে অ্যাডিলেডের একটি অনুষ্ঠানে অংশ নেব। প্রবাসী বাঙালিরা সাধারণত আমাদের সব সময় কাছে পায় না। তাই এ ধরনের অনুষ্ঠানগুলোতে তাদের উচ্ছ্বাসটা থাকে অন্য রকম। আমাদেরও অনেক ভালো লাগে।’