কানাডা সরকার সাহায্য করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর অনিয়ম, বিশেষ করে পরামর্শক নিয়োগের অনুসন্ধানে কানাডা সরকার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ঠিকমতো সাহায্য করছে না বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি জানান, কানাডা সরকারের অসহযোগিতার কারণে দুদকের তদন্ত দল ওই দেশে যেতে দেরি করছে। আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গোলাম রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। দুদকের তদন্ত দল অনুসন্ধানের জন্য কানাডায় যেতে পারে উল্লেখ করে চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘কানাডা সরকার দুদককে যথাযথ রেসপন্স করছে না বলে দুদক কানাডায় যেতে দেরি করছে। দুদকের তদন্ত দল মনে করছে, কানাডায় প্রয়োজনীয় অনেক তথ্য আছে, যা অনুসন্ধানের স্বার্থে কমিশনের জানা দরকার।’ অন্যথা অনুসন্ধান প্রতিবেদন অসম্পূর্ণ থাকবে বলে উল্লেখ করেন তিনি। তবে কমিশনের বৈঠকে কানাডায় যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।এদিকে দুদকের পদ্মা সেতু তদন্ত দল অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শিগগিরই কানাডায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠাবে। এতে কানাডা সরকার সাড়া দিলেই দুদকের তদন্ত দল সেখানে যাবে।এদিকে আজ দুপুরে দুদক চেয়ারম্যানের কক্ষে ঘণ্টাব্যাপী অবস্থান করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর এখানে আসার কারণ সম্পর্কে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘দেশে লুটপাটের পরিমাণ বেড়ে গেছে। তিনি যেহেতু আইন বিশেষজ্ঞ, আমরা তাঁর কাছে আইনি সহায়তা চেয়েছি। তিনি আমাদের কমিশনসংক্রান্ত বিষয়ে আইনি সহায়তা দেবেন বলে জানিয়েছেন।’পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে অনিয়মের ঘটনায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ইসমাইল ও রমেশ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা জামিনে আছেন। কানাডার পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ইসমাইল ও ভারতীয় বংশোদ্ভূত রমেশ সাহার বাসা থেকে উদ্ধার করা ল্যাপটপ ও ডায়েরিতে ঘুষের কিছু তথ্য পায়। জুলাই মাসে বিশ্বব্যাংকের কাছে কানাডীয় পুলিশ তাঁদের তদন্তের অগ্রগতি সম্পর্কিত তথ্য এবং ওই ডায়েরিতে থাকা এসএনসি লাভালিনের তৈরি তালিকা পাঠায়। বিশ্বব্যাংক ওই সব তথ্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ও দুদক কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।