কানাডার নির্বাচনে হারপারের দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের কনজারভেটিভ পার্টি সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করতে যাচ্ছে। বিবিসি অনলাইন আজ মঙ্গলবার নির্বাচনের সাময়িক ফলাফল পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে। সাময়িক ফলে দেখা গেছে, কনজারভেটিভ পার্টি ৩০৮টি ইলেকট্ররাল জেলার মধ্যে ১৬৭টিতে জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে। নির্বাচনে প্রধান বিরোধী দল লিবারেল পার্টিকে পেছনে ফেলে নিউ ডেমোক্র্যাটিক পার্টি দ্বিতীয় স্থান লাভ করতে যাচ্ছে বলে কানাডার গণমাধ্যমগুলো আভাস দিয়েছে।নির্বাচনের ফল নিশ্চিত হলে হারপার প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ সরকারের নেতৃত্ব দেবেন। গতকাল সোমবার কানাডার জনগণ গত সাত বছরের মধ্যে চতুর্থবারের মতো সাধারণ নির্বাচনে ভোট দেয়। ২০০৬ সাল থেকে হারপার দুটি সংখ্যালঘিষ্ট কনজারভেটিভ সরকারের নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ সরকার ভেঙে যাওয়ার আগ পর্যন্ত পার্লামেন্টে হারপারের দলের ছিল ১৪৩টি আসন। পার্লামেন্টে একটি অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর হারপার সরকার নির্বাচন দিতে বাধ্য হয়।