কানাডার ১৬ বছর বয়সী ‘টেন্ডুলকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়াকাড়া চেহারায় শিশুতোষ ছাপটা স্পষ্ট। চোখে-মুখে দুষ্টুমি। যেন স্কুল থেকে বাড়ি ফিরে ব্যাগ-ট্যাগ ছুড়ে ফেলে এসে খেলতে এসেছেন মাঠে!ব্যাপার অনেকটা এ রকমই। নীতিশ কুমার এখনো স্কুলেই পড়েন। কিটব্যাগের সঙ্গে নিয়ে এসেছেন স্কুল ব্যাগটাও, লম্বা ছুটিতে হোমওয়ার্কের তালিকাটাও যে লম্বা! তবে এখন তিনি শুধু স্কারবোরো হাইস্কুলের সাধারণ এক ছাত্র নন, এখন তিনি ‘বিশ্বকাপ তারকা’! ২৮ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই ‘তারকা’ হয়ে গেছেন নীতিশ। সেদিন তাঁর বয়স ছিল ১৬ বছর ২৮৩ দিন, এত কম বয়সে বিশ্বকাপ খেলেননি আর কেউ। ওয়ানডে রেকর্ডে অবশ্য হাসান রাজাকে ছাড়াতে পারেননি। অভিষেকের সময় নীতিশের বয়স ছিল ১৫ বছর ২৭৩ দিন, রাজার ১৪ বছর ২৩৩ দিন।সামনা-সামনি দেখলে নীতিশের বয়সটা আরও কম মনে হয়, বড়জোড় ১৩-১৪! পাকিস্তান-কানাডা ম্যাচের আগের দিন এই কিশোরকে নিয়ে সাংবাদিকদের কাড়াকাড়ি। নেটে ব্যাটিং করে এসে প্যাডটা খোলার আর সময় পাচ্ছিলেন না, নানা দেশের সাংবাদিকদের লম্বা লাইন। লিকলিকে গড়নের কিশোর বুঝতে পারলেন, হঠাৎ তিনি তারকা হয়ে গেছেন!প্রশ্নোত্তর পর্বের উল্টো প্রশ্ন শুনতে হলো, ‘হিন্দি, না ইংলিশ?’ ‘ইংলিশ’ বলতেই স্বস্তির হাসি, ‘হিন্দিটা এখনো ভালো পারি না।’ হিন্দি প্রসঙ্গ উঠছে, কারণ তাঁর জন্ম কানাডায় হলেও মা-বাবা ভারতীয়। পাঞ্জাবের লুধিয়ানা থেকে মা কানাডায় গেছেন ছোটবেলায়, বাবা ২০ বছর বয়সে। এই বাবাকে দেখেই তাঁর ক্রিকেটে আসা। ভারতে ক্লাব ক্রিকেট খেলেছেন ভিকেল কুমার, কানাডায় অভিবাসী হওয়ার পর খেলেছেন ওন্টারিওর শীর্ষ ক্রিকেটে।বাবার হাত ধরে ক্লাবে যেতে যেতেই নীতিশের ক্রিকেটে আসা। জানালেন একটা মজার তথ্যও, ‘জন ডেভিসনসহ এই দলের আরও কয়েকজন বাবার সঙ্গে ক্লাব ক্রিকেটে খেলেছে!’ তো এই ‘চাচা’দের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকতে সমস্যা হয় না? ‘না, দলে ১৬ বছর বয়সী নয়, আমাকে সবাই সতীর্থ হিসেবেই দেখে। সবাই মিলে মজা-টজাও করি।’তাঁর ছোট্ট জীবনের স্মরণীয়তম ঘটনা বিশ্বকাপ খেলা। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন, কিন্তু এত তাড়াতাড়ি মূল বিশ্বকাপ কল্পনাতেও ছিল না, ‘প্রথমে একটা মেইল পেয়েছিলাম, পরে ফোন। তখনো বিশ্বাস হচ্ছিল না। পরে ওয়েবসাইটে দেখলাম আমার নাম। সবাইকে বলতেই যেন উৎ সব শুরু হয়ে গেল। আমার চেয়ে বেশি উত্তেজিত মা-বাবা।’ তা বিশ্বকাপ অভিজ্ঞতা কেমন? এবার বেরিয়ে এল তাঁর কিশোর সত্তা, ‘এটা কি বলে বোঝানো যায়! উত্তেজনা-রোমাঞ্চ, অবিশ্বাস্য অনুভূতি। যাঁদের টিভিতে দেখি, তাঁদের সামনা-সামনি দেখেতে পাওয়া, তাঁদের সঙ্গে খেলা!’আদর্শ শচীন টেন্ডুলকার। দলে সবাই নাকি তাঁকেও ‘টেন্ডুলকার’ বলে ডাকে। হতে পারবেন তাঁর মতো? কানাডায় খেলে এটা কি সম্ভব? ‘জানি না, অতসব ভাবিও না। খেলতে ভালো লাগে, তাই খেলি। ভবিষ্যতে দেখা যাবে।’বয়সটাই তো তাঁর মনের আনন্দে খেলার!