কানাডায় আল-কায়েদার চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার রাজধানী অটোয়া ও লন্ডন অন্টারিওসহ বিভিন্ন জায়গায় কমান্ডো অভিযান চালিয়ে আল-কায়েদার চারজন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে। অভিযানকালে তাদের কাছ থেকে বোমা তৈরির ইলেকট্রনিক সার্কিট বোর্ড, উচ্চমানের ডেনোনেটর, আল-কায়েদা প্রকাশিত বই ও ভিডিও ফুটেজের কপি উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন হিবা মোহাম্মদ আলজাহেদ (৩০), মিজবাহউদ্দিন আহমেদ (২৬) ও খুররুম সাইয়েদ শের (২৮)।তাঁদের চারজনই কানাডার নাগরিক, তবে তাঁরা কোন দেশের বংশোদ্ভূত তা জানা যায়নি।পুলিশ সূত্রে জানা যায়, পরিচয় পাওয়া ওই তিন সন্ত্রাসী গত দেড় বছর ধরে অটোয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল। কানাডা, ইরান, পাকিস্তান, আফগানিস্তান ও দুবাইয়ে অবস্থানরত আল-কায়েদা চক্রের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। পুলিশ অনেক দিন নজরদারিতে রাখার পর গত বুধবার বিকেলে অটোয়ার একটি মুসলিম-অধ্যুষিত এলাকার টাউন হাউসে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।তবে পুলিশ সংবাদমাধ্যমের কাছে মুখ না খুললেও শুধু জানিয়েছে, সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে কানাডায় বড় ধরনের একটি সন্ত্রাসী হামলার সম্ভাবনা ঠেকানো গেছে।অন্য দিকে গতকাল সকালে লন্ডন অন্টারিওতে অভিযান চালিয়ে আরেকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।