কানাডায় বোমা হামলার পরিকল্পনাকারীর যাবজ্জীবন কারাদণ্ড
কানাডার পূর্বাঞ্চলে তিন ট্রাক বোমা হামলা চালানোর ষড়যন্ত্র করার অপরাধে অভিযুক্ত একটি ইসলামি জঙ্গিবাদী গ্রুপের নেতৃস্থানীয় এক ব্যক্তিকে অনটারিয়োর একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁর নাম জাকারিয়া আমারা (২৪)। এর কয়েক ঘণ্টা আগে গ্রুপটির আরেক সদস্য সাদ গায়াকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।বিচারক ব্রুস দুর্নো বলেন, জাকারিয়া ও তাঁর দল কানাডার ইতিহাসের সবচেয়ে ভয়ানক হামলার ষড়যন্ত্র করেছিলেন। জঙ্গি গ্রুপটি ২০০৬ সালে অনটারিয়ো প্রদেশে একটি সিরিজ বোমা হামলা চালানোর পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ ছিল কানাডার রাজধানী অটোয়ার পার্লামেন্ট ভবনগুলোয় হামলা চালানো, প্রধানমন্ত্রীকে হত্যা করা, টরন্টোর স্টক এক্সচেঞ্জ ও একটি সেনাঘাঁটিতে হামলা চালানো। এ অভিযোগে ২০০৬ সালে জাকারিয়াসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয় এবং পাঁচজনের মামলার বিচারকাজ এখনো শুরু হয়নি।