কানে রড ঢুকিয়ে হত্যা: পলাতক আসামি মিষ্ঠু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় একই পরিবারের চারজন এবং কিশোরগঞ্জের ভৈরবে এক দম্পতি হত্যা মামলার পলাতক আসামি মিষ্ঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিষ্ঠুর বাড়ি ভৈরব পৌর শহরের জগন্নাথপুরে।ভৈরব থানার পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর এবং নরসিংদীতে কয়েক বছর আগে গুপ্ত হত্যা বেড়ে গিয়েছিল। বিশেষ করে গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে কানে লোহার রড ঢুকিয়ে হত্যার কয়েকটি ঘটনা ঘটেছিল। এর মধ্যে ২০০৬ সালের ২৭ নভেম্বর রায়পুরার মুছাপুর গ্রামে শামসুউদ্দিনের ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাঁর দুই মেয়ে রুমানা ইসলাম (২৩), আসমা ইসলাম (২৬) এবং দুই নাতনি অর্ণব (২২ দিন) ও বর্ণকে (৯ মাস) কানে লোহার রড ঢুকিয়ে হত্যা করে। দুই মাসের ব্যবধানে ২০০৭ সালের ১৯ জানুয়ারি রায়পুরার পাশের ভৈরবের জগন্নাথপুরে একইভাবে হত্যা করা হয় আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী কোহিনুর বেগমকে।পুলিশ আরও জানায়, চার খুনের ঘটনায় শামসুদ্দিন মোল্লা এবং দম্পতি খুনের ঘটনায় তাঁদের ছেলে আদনান হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। দুই মামলারই এজাহারভুক্ত আসামি মিষ্ঠু মিয়া। এ দুই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে ঘটনার সঙ্গে মিষ্ঠুর সম্পৃক্ততার বিষয়টি আসে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া মিষ্ঠু উভয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। চার খুনের মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলার তালিকাভুক্ত হওয়ায় তাকে ঢাকার গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হবে।এদিকে মিষ্ঠুর গ্রেপ্তারের খবর শুনে ওই দুই মামলার বাদী এবং তাঁদের পরিবারের সদস্যরা থানায় আসেন।