কানের বিরুদ্ধে পতিতাচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএমএফের সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানের বিরুদ্ধে একটি সন্দেহভাজন সংঘবদ্ধ পতিতাচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের একটি আদালতে গতকাল সোমবার এ তদন্ত শুরু হয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে। ফ্রান্সের লিল্লে শহরের একটি সন্দেহভাজন পতিতাচক্রের বিষয়ে তদন্ত করতে গিয়ে কানকে ওই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী বিচারকরা তাঁকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। তবে পরে এক লাখ ৩৫ হাজার ডলার মুচলেকায় তিনি জামিন পান। স্ত্রস কান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সন্দেহভাজন ওই চক্রের সদস্যদের ব্যাপারে তিনি কিছুই জানেন না। কানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২০ বছরের কারাদণ্ড হতে পারে। গত বছর নিউইয়র্কে এক নারী হোটেল কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন কান। এ ঘটনায় মে মাসে তিনি পদত্যাগ করেন।