কান্ডারি যখন ডুমিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ডে রান ৮৪, উইকেট ৩। দলের অবস্থা তখন খুব একটা ভালো নয়। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে ইডেন গার্ডেনে, আর এ মাঠেই সে সময় যেন উঁকি দিচ্ছিল আরেকটি সম্ভাব্য আইরিশ-রূপকথা। সেটিকে বাস্তবে রূপ দেওয়া যাবে না—এমন প্রতিজ্ঞা নিয়েই যেন ক্রিজে গেলেন জেপি ডুমিনি।শুরু করলেন লড়াই, কিন্তু ডুমিনি উইকেটে থিতু হওয়ার আগেই আরও ২ উইকেট নেই। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১১৭।আরেকটি আইরিশ-রূপকথার সম্ভাবনা তখন ডানা মেলে দিয়েছে। অন্যরা যা-ই ভাবুক, এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েও ডুমিনি নিজেকে দিয়ে যাচ্ছিলেন সাহস—যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে উইকেটে স্থায়ী হতে হবে। শেষ পর্যন্ত লড়াইয়ে জিতলেন ডুমিনি। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৩১ রানের বিশাল জয়ে বড় অবদান রেখেছেন তিনিই। গ্রায়েম স্মিথের দল দুর্বোধ্য ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে উঠে গেল সেমিফাইনালে।কলিন ইনগ্রাম, মরনে মরকেল, ক্যালিস, রবিন পিটারসন—এই জয়ে অবদান আছে অনেকেরই। তবে নায়ক ডুমিনিই। নবাগত ইনগ্রামকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৮৭ রানের জুটি। বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই ইনগ্রাম করলেন ৪৩ বলে ৪৬ রান। ইনগ্রাম আউট হলে ইয়োহান বোথার সঙ্গে ডুমিনি গড়েন ৬৫ রানের জুটি।৯০ পেরিয়ে ডুমিনি দাঁড়িয়ে গেলেন ‘নার্ভাস ৯৯-এ’! কিন্তু আক্ষরিক অর্থেই নার্ভাস ৯৯-এর শিকার ডুমিনি। দলের কথা ভেবেই হয়তো এ সময় ব্যাট চালালেন। দুর্দান্ত এক ডাইভে এক হাতে ক্যাচ নিলেন কেভিন ও’ব্রায়েন। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে নিজেকে বঞ্চিত করে ইনিংসের ২ বল বাকি থাকতেই ডুমিনি ফিরলেন ৯৯ রানে।ডুমিনি সেঞ্চুরি না পেলেও দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত জেতার মতো রানই করে ফেলল— ২৭২। স্বাভাবিকভাবেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের ডুমিনিই ছিলেন একমাত্র দাবিদার। বিশ্বকাপে প্রথম ম্যাচ-সেরার পুরস্কার হাতে নিয়ে ডুমিনির অনুভূতি ছিল এমন, ‘পরিস্থিতি কঠিন ছিল (যখন আমি উইকেটে যাই)। বড় ব্যাপার ছিল, যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে উইকেটে স্থায়ী হওয়ার চেষ্টা করা। কাজটা ভালোভাবেই করেছি। আশা করছি, এ কাজটা অব্যাহত রাখব। শেষ দিকে আমি বাউন্ডারি মারতে চেষ্টা করেছিলাম।’ডুমিনির এই ইনিংস দেখে মুগ্ধ তাঁর অধিনায়ক গ্রায়েম স্মিথ, ‘বোকার মতো কয়েকটি রান আউট হয়ে আমরা সত্যিই আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিলাম। কিন্তু ছেলেরা দুর্দান্তভাবে সাড়া দিয়েছে, বিশেষ করে, জেপি (ডুমিনি) চাপের মধ্যে অসাধারণ ব্যাটিং করেছে।’দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ১৯ মার্চ মিরপুর স্টেডিয়ামে। এই ম্যাচ নিয়ে ডুমিনি বলছেন, ‘আমি আত্মবিশ্বাসী। কিন্তু অতি আত্মবিশ্বাসী হতে চাই না। অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে প্রস্তুতি নেব।’ এএফপি ও ওয়েবসাইট।