কান্তজিউ মন্দিরে রাসলীলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্তিক মাসের চাঁদের পূর্ণিমাই ‘রাসপূর্ণিমা’। আজ রাসপূর্ণিমা, রাধাকৃষ্ণ মন্দিরে রাস হয়ে থাকে। হিন্দুধর্মাবলম্বীদের কাছে এ দিনটি পবিত্র। গোপী-গোবিন্দের মিলনানন্দের চরম বিকাশই রাস।উপমহাদেশের বিভিন্ন রাধাকৃষ্ণ মন্দিরে এই রাসপূর্ণিমায় রাসলীলা, রাসমেলা হয়। তেমনই রাসলীলা, রাসমেলা হয় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দর্শনীয়, ধর্মীয় স্থান কান্তজিউ মন্দির প্রাঙ্গণে।রাসপূর্ণিমার রাতে রাসলীলা অনুষ্ঠিত হয়। সর্বপাপহরণকারী অনুষ্ঠান হলো রাসলীলা। এই রাতে শ্রীশ্রীরুক্মিণী কান্তজিউর যুগলমূর্তি আনুষ্ঠানিকভাবে মন্দির থেকে বের করে এনে মন্দিরের পশ্চিমে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত রাসমঞ্চের ওপর স্থাপন করা হয়। রাসমঞ্চের ওপরে মায়াজাল স্থাপন করা হয়, মায়াজালের নিচে মধ্যখানে গম্বুজ থাকে। গম্বুজের ওপরে রাসচক্র স্থাপন করা হয়। রাসচক্রটিকে সোলার তৈরি কদম, মাছরাঙা ফুল এবং কলাগাছ দিয়ে অপরূপ সাজে সজ্জিত করা হয়।ঝুলনের চারদিকে সহস্রকোটি গোপীর প্রতীকস্বরূপ ১৮ গোপী স্থাপন করা হয়। রাসমঞ্চে যখন শ্রীশ্রীরুক্মিণী কান্তজিউর যুগল মূর্তিকে পূজা দেওয়া হয়, তখন অনন্তর চন্দ্রাবলি, রতিমঞ্জরি, শ্যামলা, শশীকলা, চিত্রা, সুমুখী, ললিতা, বিশাখা, মদনসুন্দরী, অঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, শশীরেখা, হরিপ্রিয়া, পদ্মা, সব্যা, ভদ্রা—এই ১৮ গোপী এবং শিবের পূজা করা হয়।রাসপূর্ণিমার রাতেই শুরু হয় রাসমেলা। মহাধর্মীয় সমারোহপূর্ণ সে মেলা এক মাস স্থায়ী হয়।পবিত্র মন্দিরের পাদদেশ বিধৌত করে যেমন ধারায় বয়ে চলে ঢেপানদী, তেমনি অবিরাম-অবিশ্রান্ত গতিতে ত্রস্তপদে মনের অখণ্ডতা নিয়ে পবিত্র স্থানের মেলায় এসে সমবেত হয় পুণ্যকামীর দল। তীর্থকামী অজস্র জনসমাগম হয় এই মেলায়। সারা দিন ধরে পিপিলিকার সারির মতো সংকীর্ণ মেঠো পথে, প্রাইভেট কারে, মোটরসাইকেলে, বাসে, ভ্যানে, গরুর গাড়িতে ও রিকশায় চড়ে দূর-দূরান্ত থেকে তীর্থযাত্রীরা ভক্তিমন নিয়ে এগিয়ে আসে মন্দিরের দিকে।অফুরন্ত জনসমুদ্র, এক অবিশ্বাস্য ব্যাপার! দূর পথের ক্লান্তি শেষে উত্তাল জনতা যেন পবিত্র মন্দিরের দ্বারপ্রান্তে এসে স্থির হয়ে যায়।ঢেপানদীর পূর্ব দিগন্তে পূর্ণিমার রুপালি চাঁদ ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায়। সব মেলাজুড়ে একটা অদ্ভুত শিহরণের রহস্যময়তা অনুভূত হয় ভক্তকুলের মনে ও প্রাণে। এটা যেন তাদের জীবনে এক দুর্লভ উপলক্ষ—সৌভাগ্য রজনীও। চন্দ্রের রং ও মাধুর্য এ দিন অপরূপ সৌন্দর্যমণ্ডিত হয়ে আপন মহিমার মূর্তি ফুটিয়ে আবির্ভূত হয়। উদয় তোরণ দিয়ে পূর্ণচন্দ্র যখন স্বর্ণ রথে আরোহণ করে মন্দিরের চূড়ায় তার রজতশুভ্র সাদা বিপুল জ্যোৎস্নারাশি দিগ্ময় ছড়িয়ে দেয়, তখন আনত মস্তকে ধর্মসিক্ত হূদয়ে তীর্থযাত্রীরা সর্বপাপতাপহরা সেই মহামুহূর্তটিকে স্বাগত জানায়।মধ্যরাতে শুরু হয় রাসলীলা পর্ব। চন্দ্রালোকিত রাতের স্নিগ্ধ সুষমা ধারায় রাসমঞ্চে বিগ্রহসমূহের পূজা-অর্চনা এবং লীলা উৎসব দেখে ভক্তরা পুণ্যস্নাত হয়।এরপর ওই রাতেই শ্রীশ্রীরুক্মিণী কান্তজিউ বিগ্রহকে পরম শ্রদ্ধাভরে রাসমঞ্চ থেকে নিয়ে যাওয়া হয় মন্দিরে।দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার কান্তনগর ও শ্যামগড় মৌজায় অবস্থিত কান্তজিউ মন্দির। ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক ভ্রমণ, দলগত আনন্দ-উচ্ছলতা, কেনাবেচা, মেলা পর্যবেক্ষণের জন্য দেশের মানুষ ও বিদেশি পর্যটক এই মন্দিরে আসেন।কান্তা রিমি রায়সহযোগী অধ্যাপকদিনাজপুর মেডিকেল কলেজই-মেইল: [email protected]