কান্দাহার হত্যাকাণ্ডে জড়িত মার্কিন সেনার নাম প্রকাশ
কান্দাহারে ১৬ বেসামরিক আফগান নাগরিক হত্যায় জড়িত সন্দেহভাজন এক মার্কিন সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তিনি হলেন স্টাফ সার্জেন্ট রবার্ট বেলস। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর বিবিসি অনলাইন ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের।খবরে বলা হয়, বেলসের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি। তবে, বিচার প্রক্রিয়া শুরু করতে গতকাল শুক্রবার কুয়েত থেকে তাঁকে ক্যানসাসের সামরিক বিচারালয়ে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ বেসামরিক আফগান নাগরিক হত্যার অভিযোগ রয়েছে। ওয়াশিংটনের বিবাদী পক্ষের আইনজীবী জেফ্রি লুস্টিক বেলসের বিচারের ব্যাপারে আশা ব্যক্ত করে বলেন, ‘আমার ধারণা, খুব শিগগিরই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।’ এর আগে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ৩৮ বছর বয়সী একজন স্টাফ সার্জেন্ট। যিনি ১১ বছর মার্কিন সেনাবাহিনীতে নিয়োজিত আছেন। কিন্তু তাঁরা ওই সেনা কর্মকর্তার নাম প্রকাশে অস্বীকৃতি জানায়। এ ব্যাপারে তাঁদের বক্তব্য ছিল, অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত জনসমক্ষে কোনো সেনাসদস্যের নাম ঘোষণা করা সামরিক নীতি-বিরোধী। এদিকে, জনসমক্ষে বেলসের বিচার দাবি করে গতকাল শুক্রবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আফগানিস্তানের গ্রামীণ এলাকাগুলো থেকে তাঁদের সেনা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি বেসামরিক মানুষের মৃত্যু হ্রাস করতে আফগান নিরাপত্তা বাহিনীকে নেতৃত্ব দেওয়ার অধিকার দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড তদন্তে আফগান বাহিনীকে পুরোপুরি সহযোগিতা করেনি যুক্তরাষ্ট্র।