কান্দাহারে চারটি আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ৩০
দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে চারটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৬ জন। শহরের একটি হাসপাতালের প্রধান আবদুল কাইয়ুম পোখলা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক লোক ও পুলিশ সদস্য রয়েছে।শহরের কেন্দ্রীয় কারাগারকে কেন্দ্র করে বাংলাদেশ সময় গতকাল রাত নয়টার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়।তালেবানেরা এ হামলার দায়ভার স্বীকার করে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানায়, ন্যাটো বাহিনীকে শিক্ষা দিতেই তারা এ হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সত্ভাই এবং কান্দাহার প্রাদেশিক কাউন্সিলের প্রধান আহমদ ওয়ালি কারজাই বলেন, কেন্দ্রীয় কারাগারের একটি গাড়িকে লক্ষ্য করেই প্রথম বোমা হামলাটি চালানো হয়। আহমদ ওয়ালি কারজাই আরও বলেন, তাঁর বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল থেকে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। আর একজন সাইকেলচালক পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে তৃতীয় বিস্ফোরণটি ঘটায়।চতুর্থ হামলাটি চালানো হয় কান্দাহারের পুলিশ সদর দপ্তরে। এ সময় সদর দপ্তরের কাছেই একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। ফলে এ হামলায় চারজন পুলিশ সদস্যসহ বিয়েতে আসা অনেক অতিথি নিহত হন। ২০০৮ সালে কান্দাহারে কারাগারের ফটকে এবং কাছের একটি তল্লাশি চৌকিতে একইভাবে এ ধরনের আত্মঘাতী বোমা হালা চালানো হয়েছিল। আটককৃত তালেবান জঙ্গিসহ শতাধিক বন্দীকে মুক্ত করতেই ওই হামলাটি চালানো হয়েছিল বলে জানা যায়। রয়টার্স।