কান্দাহারে ১৬ জনকে গুলি করে মারলেন মার্কিন সেনা
হঠাৎ করেই সকালবেলা সেনাঘাঁটি থেকে বেরিয়ে পড়েন উচ্ছৃঙ্খল এক মার্কিন সেনা। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের দুটি গ্রামে গিয়ে গুলি চালান তিনি। গুলি করে মেরে ফেলেন একে একে ১৬ জন আফগান নাগরিককে। এতে পাঁচজন আহত হন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। হামলাকারী ওই মার্কিন সেনার নাম জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।নাজিবান গ্রামের হাজি সামাদ জানান, মার্কিন ওই সেনাসদস্যের গুলিতে তাঁর পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। আর আলকাজোই গ্রামের হাজি সায়িদ জান জানান, তাঁর বাড়িতেও হামলা হয়েছে। তাঁর পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।এ ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছে ন্যাটো। এর প্রতিবাদে কান্দাহারের স্থানীয় লোকজন পানজোয়ি শহরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। ন্যাটো বাহিনীর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আদ্রিয়ান ব্রাডশ জানান, এ ঘটনায় তাঁর দুঃখের সীমা নেই। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্ট ফোর্স জানায়, মার্কিন কর্মকর্তারা আফগানিস্তানের ঘটনা তদন্তের কাজ করছেন।এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ এক বিবৃতিতে বলেছেন, আর কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন।