কান্দিবাজার জামে মসজিদের পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে
রংপুরের পীরগাছা উপজেলার কান্দিবাজার জামে মসজিদের পয়োনিষ্কাশনব্যবস্থা (ড্রেনেজ-ব্যবস্থা) ভেঙে পড়েছে। সুষ্ঠু পয়োনিষ্কাশনব্যবস্থার অভাবে কান্দি আরআই সিনিয়র মাদ্রাসার দেয়ালঘেঁষে ময়লা-আবর্জনা ও নোংরা পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে সারা বছর নোংরা পানি ও বর্জ্য জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, উপজেলার কান্দিবাজার জামে মসজিদটি কান্দি আরআই সিনিয়র মাদ্রাসার প্রাণকেন্দ্রে অবস্থিত। এ মসজিদের নোংরা পানি ও ময়লা-আবর্জনা নিষ্কাশনের জন্য প্রায় ৩০ বছর আগে মাদ্রাসার দেয়ালঘেঁষে ছোট একটি নালা তৈরি করা হয়। এ নালা দিয়ে বাজারের চায়ের দোকানসহ আশপাশের নোংরা পানি ও বর্জ্য নিষ্কাশন হতো। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেলেও দীর্ঘদিনে এ নালা সংস্কার না করায় ময়লা-আবর্জনা ও কাদা জমে পানিপ্রবাহের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। ফলে সুষ্ঠু পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে। এর ফলে মসজিদ ও বাজারের নোংরা পানি ও ময়লা-আবর্জনা মাদ্রাসার দেয়ালের পাশে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্গন্ধে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকসহ পথচারীদের চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। কান্দি আরআই সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী মামুন বলেন, ‘দুর্গন্ধে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। মাদ্রাসার পেছনের জানালা তো খোলাই যায় না।’ কান্দি মাঝবাড়ী গ্রামের বাসিন্দা আবদুর রহিম বলেন, ওই পথ দিয়ে চলাচল করতে নাকে রুমাল দিতে হয়। কান্দি আরআই সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরন্নবী সরকার জানান, সুষ্ঠু পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখানে জমে থাকা নোংরা পানির দুর্গন্ধে শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে থাকা কঠিন হয়ে পড়েছে। কান্দিবাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোসলেম সরকার বলেন, সুষ্ঠু পয়োনিষ্কাশনের জন্য মসজিদের নালা সংস্কার করা জরুরি। কিন্তু অর্থাভাবে আমরা তা করতে পারছি না। কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, অর্থের সংস্থান হলে নালাটি সংস্কার করা হবে।