কান্না থামে না, আতঙ্ক কাটে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে দেড় কিলোমিটার হেঁটে ইছাপুরা বাজার। সেখান থেকে এক ঘণ্টা নৌকায় বাড্ডা ঘাট। তারপর হেঁটে অথবা রিকশায় কলেজে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি গ্রাম থেকে প্রতিদিন ঢাকার বাড্ডায় কলেজে যাতায়াত করে লতা। কিন্তু প্রতিদিনই ইছাপুরা বাজারে এলে প্রথম বর্ষের ছাত্রী লতার মন খারাপ হয়ে যায়। তিন মাস আগে সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় এ বাজার থেকেই নিখোঁজ হন তার একমাত্র বড় ভাই আবদুস সালাম মাসুদ। ‘ইছাপুরা বাজারে এলে আর পা চলে না। ভাইয়ের মুখটা মনে পড়ে।’ মুখ নিচু করে বলল লতা।ইছাপুরে লতাদের পরিবারের মতো আরও দুটি পরিবার তিন মাস ধরে অপেক্ষার প্রহর গুনছে। সন্তানের জন্য অপেক্ষা। বাড়িয়াছনির সাইদুলের বাবা লেহাজ উদ্দিন ও কায়েতপাড়ার শমসের আলীর বাবা মোস্তফা মোল্লা কেবল দীর্ঘশ্বাস ছাড়েন। তাঁদের দুই সন্তানের খোঁজ কোথায় পাবেন তাঁরা!গত বছরের ২৩ অক্টোবর রূপগঞ্জের কায়েতপাড়ায় আর্মি হাউজিং স্কিমের জমি কেনা নিয়ে গ্রামবাসীর সঙ্গে সেনা ও র‌্যাব সদস্যদের সংঘর্ষ হয়। গুলিতে একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় ১৮ জন। আহত হয় আরও শতাধিক। সংঘর্ষের সময় গ্রামবাসী এলাকার তিনটি সেনাক্যাম্প জ্বালিয়ে দেয়। তারা সেনাবাহিনীর একটি গাড়িও পুড়িয়ে দেয়।গ্রামবাসীর দাবি, সংঘর্ষের সময় আহত তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িতে তুলে নিয়ে যান। এরপর তাঁদের আর কোনো খোঁজ মেলেনি। তাঁরা হলেন, আবদুস সালাম মাসুদ (৩২), সাইদুল ইসলাম (১৮) ও শমসের আলী মোল্লা (২৫)।এ অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। সরেজমিন গিয়ে এলাকাবাসীর মধ্যে এই নিখোঁজ হওয়া নিয়ে দুই ধরনের মত পাওয়া গেছে। কেউ কেউ বলেছেন, এই যুবকেরা গুপ্তহত্যার শিকার হয়েছেন। কারণ হিসেবে তাঁরা বলছেন, ওই তিন যুবককে আহত অবস্থায় র‌্যাব ও সেনাবাহিনীর গাড়িতে তুলতে দেখেছেন অনেকে। আবার কেউ মনে করছেন, ওই দিন নিহত হওয়ার পর তাঁদের লাশ গুম করা হয়েছে।জানতে চাইলে র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, র‌্যাব ওই দিন এমন কাউকে ধরে আনেনি।জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, রূপগঞ্জের ঘটনা নিয়ে চারটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি হয়েছিল। এসব মানুষের কী হয়েছে, সেটা তদন্ত শেষ না হলে আর বলা যাবে না।তবে একাধিক সূত্র জানিয়েছে, এ মামলার তদন্ত নিয়ে পুলিশ বিব্রতকর অবস্থায় রয়েছে। পুলিশের বক্তব্য—এটি কোনো রাজনৈতিক ইস্যু ছিল না। ভিটেবাড়ি রক্ষার তাগিদেই আন্দোলনে জড়িয়ে পড়ে এলাকাবাসী। কিন্তু কিছু লোকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ রয়েছে। জানা গেছে, এতে রাজি না হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কিছুদিন আগে বদলি করা হয়েছে। অবশ্য জেলা পুলিশ কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। ডায়েরি, মামলা: রূপগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনার দিন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মুন্সেফ আহমেদ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। এতে অজ্ঞাত তিন-চার হাজার জনকে আসামি করা হয়। পরিদর্শক আখেরুজ্জামান মামলাটি তদন্ত করছেন।ঘটনার পরের দিন র‌্যাব-১১-এর উপপরিদর্শক ইয়াসিন মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তিন-চার হাজার লোককে আসামি করে আরেকটি মামলা করেন। এ মামলার তদন্ত করছেন উপপরিদর্শক মামুন অর রশিদ।ঘটনার পাঁচ দিন পর গত ২৮ অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয় তৃতীয় মামলা। ওয়ারেন্ট অফিসার আমিনুর রহমান এ মামলার বাদী। এ মামলায় রূপগঞ্জ এএইচএস প্রকল্পের তানমুশরী আর্মি ক্যাম্প, নাওরা ক্যাম্প, পূর্বগ্রাম ক্যাম্প, বাড়িয়াছনি ক্যাম্প ও প্রজেক্ট অফিসে কর্তব্যরত ১৩৮ জন সেনা কর্মকর্তা ও সদস্যকে সাক্ষী করা হয়। আসামি করা হয়েছে ৫০-৬০ জন ‘অজ্ঞাতনামা লোক’কে। এ মামলা তদন্ত করছেন উপপরিদর্শক আহসান উল্লাহ।নিহত মোস্তফা জামালের বাবা আবদুর রফিক বাদী হয়ে চতুর্থ মামলাটি করেন। তাতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা লোকদের। মামলা তদন্ত করছেন উপপরিদর্শক হুমায়ূন কবির।সহিংস ঘটনার পরের দিন হাসপাতালে মারা যান মোস্তফা জামাল। তাঁর বাবা গতকাল রোববার ঢাকায় ব্র্যাক ইন সেন্টারে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মোস্তফা নিহত হওয়ার পর তার লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। তিনি পাহারা দিয়ে লাশ রক্ষা করতে পারলেও দাফন করতে পারেননি নিজের ইচ্ছেমতো। পুলিশ ও জেলা প্রশাসন ছেলেকে তাদের মতো করে দাফন করতে বাধ্য করেছে। তিনি জানান, পরে তাঁকে দিয়ে জোর করে একটি মামলা দায়ের করানো হয়। কিন্তু সেই মামলার অভিযোগ আটবার কাটাছেঁড়া করে পুলিশ। মামলায় তিনি ‘সেনাবাহিনীর হাতে তাঁর ছেলের মৃত্যু হয়েছে’ উল্লেখ করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তা লিখতে দেয়নি। তিনি অভিযোগ করেন, তাঁর করা মামলাটির তদন্ত এগোচ্ছে না। আর নিখোঁজ তিনজনের পক্ষে তিনটি সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। মামলা, জিডি—সব তদন্ত করছে রূপগঞ্জ থানার পুলিশ। তদন্তের অগ্রগতি ও মোস্তফার বাবার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার বলেন, সব অভিযোগের তদন্ত এখনো চলছে। শেষ না হলে কিছু বলা যাবে না।অপেক্ষায় তিন পরিবার: নিখোঁজ আবদুস সালাম মাসুদের বাবা বৃদ্ধ শহর আলী আগে শুয়ে-বসে দিন কাটাতেন। মাঝেমধ্যে ইছাপুরা বাজারে ছেলের চায়ের দোকানে গিয়েও বসতেন। মাসুদ নিখোঁজ হওয়ার পর সেই দোকানে তিনি নিয়মিত বসছেন। তবে শরীরে কুলোয় না বলে এখন একবেলা চালান। স্ত্রী কোহিনুর, মেয়ে মৃত্তিকা, বোন লতা আর মা-বাবা নিয়ে ছিল মাসুদের পরিবার। মৃত্তিকা বাড়িয়াছনি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। বাবা শহর আলী প্রথম আলোকে বলেন, মাসুদ ঘটনার দিন সকালে এলাকার লোকজনের সঙ্গে মিছিলে যায়। মিছিলটি ইছাপুরা ব্রিজের কাছে গেলে র‌্যাব তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুদ ও সাইদুর রহমান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় মাসুদকে র‌্যাবের গাড়িতে তুলে নিতে দেখেছেন মিছিলের লোকজন। কিন্তু তাঁকে গত তিন মাসে আর খুঁজে পাওয়া যায়নি। শহর আলী দাবি করেন, নিখোঁজ তিনজনের মধ্যে শমসের আহত হন সেনাবাহিনীর সদস্যদের গুলিতে। মাসুদ ও সাইদুর র‌্যাব সদস্যদের গুলিতে আহত হন। আহত তিনজনকে র‌্যাব ও সেনাবাহিনী গুম করেছে। তিনি অভিযোগ করেন, এ নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন, কিন্তু পুলিশ সে অভিযোগের তদন্ত করছে না। উল্টো র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ যেসব মামলা করেছে, তাতে গ্রামের মানুষকে ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। শমসের মোল্লা: কায়েতপাড়ার শমসের মোল্লার বাবা মোস্তফা মোল্লা অভিযোগ করেন, তাঁর ছেলে আহত হয়ে সেনাক্যাম্পে পড়ে ছিল। সে ছবি পত্রিকায় ছাপাও হয়েছে। অথচ তার কোনো খোঁজ এখনো মেলেনি। তাঁর মতে, ছবি ধরে তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।সাইদুল ইসলাম: নিখোঁজ সাইদুল ইসলামের বাবা লেহাজউদ্দিন বলেন, ‘সাইদুল কোরআনের হাফেজ। সে ফলের ব্যবসা করত আর সেনাবাহিনীর ইছাপুরা ক্যাম্পে নামাজ পড়াত। তারপরও ওরা যে তাকে মেরে ফেলবে, তা ভাবতে পারছি না। আমি আল্লাহর কাছে বিচার চাই।’ সাইদুলের মা সাজেদা বেগম কোনো কথাই বলতে পারছিলেন না। চোখ মুছতে মুছতে এই প্রতিবেদককে তিনি শুধু বললেন, ‘আমার ছেলের লাশ এনে দেন। আমার ভিটেবাড়ির দরকার নাই।’ দীন-হীন এই বাবা-মায়ের একমাত্র সন্তান সাইদুর। তাঁর রোজগারেই চলত সংসার। নাওয়া-খাওয়া ভুলে নিঃস্ব বাবা-মা এখন ছেলের জন্য অপেক্ষার প্রহর গুনছেন।আতঙ্ক কাটেনি এখনো: তিন মাসেও এলাকার লোকজনের মন থেকে আতঙ্ক দূর হয়নি। কয়েকজন বললেন, তাঁরা শুনেছেন সেনাবাহিনী আবার নাকি প্রকল্পের কাজ শুরু করবে। আবার জোর করে জমি কেনার নামে তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হবে। তখন অস্ত্র হিসেবে ব্যবহার করবে এসব মামলা। প্রকল্পের অবস্থা: শুরুতে এ প্রকল্পটির আয়তন ধরা হয়েছিল ১৩ হাজার একর। প্লট করার কথা ছিল ২৭ হাজার। ২০১৫ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা ছিল। প্রকল্পের জন্য সেনাবাহিনী শেষ পর্যন্ত এক হাজার ৪০০ বিঘা জমি কিনতে পেরেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে প্রকল্পটিতে ২৭ হাজারের বদলে আট হাজার প্লট করার কথা ভাবা হচ্ছে। আগে শুধু সেনাবাহিনীর কর্মকর্তাদের প্লট দেওয়ার কথা থাকলেও এখন নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারাও প্লট পাচ্ছেন।এ প্রকল্পের জন্য গত বছর সেনা কর্মকর্তাদের কাছ থেকে দুই কিস্তিতে আট লাখ টাকা করে জমা নেওয়া হয়। প্রকল্পে তহবিলে এখন জমা আছে ৬২৪ কোটি টাকা। সেনাক্যাম্প: রূপগঞ্জের সহিংসতার পর থেকে তানমুশরী, বাড়িয়াছনি, নাওড়া ও পূর্বগ্রাম মাদ্রাসা এলাকার সেনাক্যাম্প পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের উল্টো দিকের ক্যাম্প অফিসও বন্ধ। বাড়িয়াছনি ক্যাম্পে এখন মাদ্রাসা করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, সেনা কর্মকর্তাদের অনুমতির পর ক্যাম্পটি পাশের মাদ্রাসার কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে মাদ্রাসার সাইনবোর্ডও লাগানো হয়েছে।