কান্না-ভেজা কণ্ঠে সরে দাঁড়ানোর ঘোষণা জাহাঙ্গীরের
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। আজ রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কাঁদতে কাঁদতে তিনি এ ঘোষণা দেন।জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী। তিনি আমার মায়ের মতো। তাঁর কথায় আমি এ ত্যাগ স্বীকার করলাম। আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আওয়ামী লীগ-সমর্থিত আজমত উল্লাকে জয়ী করতে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।যেভাবে গাজীপুর এলেন জাহাঙ্গীরএর আগে বেলা দেড়টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতাল থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হন জাহাঙ্গীর। বেলা পৌনে দুইটার দিকে প্রথম আলো ডটকমকে তিনি মুঠোফোনে বলেন, ‘গাজীপুর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিষয়ে আমার অবস্থান সবাইকে জানাব।’ বেলা তিনটার দিকে জাহাঙ্গীর আলম গাজীপুর শহরের রেলগেট এলাকায় পৌঁছান। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন। তাঁরা জাহাঙ্গীরের নির্বাচনী প্রতীক ‘আনারস, আনারস’ বলে চিত্কার করতে থাকেন। ঘণ্টাব্যাপী এ অবস্থা চলতে থাকে। এরপর জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এসে জাহাঙ্গীর আলমের কর্মী-সমর্থকদের মারধর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জাহাঙ্গীর আলমকে সেখান থেকে দলীয় কার্যালয়ে নিয়ে যান। এরপরই এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করলেও হাইকোর্টের আদেশে তিনি প্রতীক বরাদ্দ পান এবং নির্বাচনী প্রচারণা শুরু করেন। তবে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, আজমত উল্লা খানকে সমর্থন দিয়ে জাহাঙ্গীর আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জাহাঙ্গীরের ঘনিষ্ঠজনেরা বলছেন, তিনি নির্বাচনী লড়াইয়ে আছেন, সরে যাননি।শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জাহাঙ্গীর। নির্বাচনী মাঠে তাঁর অনুপস্থিতি ইতিমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল।