কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয় (ভিডিও)
সাজা খাটব, ক্ষমা চাইছি না’ চোখের জল ফেলে, হাতজোড় করে বলছিলেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। বলিউডের কোনো চলচ্চিত্রের দৃশ্যে নয়, বাস্তব জীবনে জেলে যাওয়ার আগে বিপর্যস্ত হয়ে পড়েছেন শক্তিশালী এ অভিনেতা। টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, জেলে যাওয়ার আগেই বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন। কথা বলতে গিয়ে চোখের জল আটকে রাখতে পারছেন না। সঞ্জয়ের ভাষ্য, শিগগিরই আত্মসমর্পণ করবেন তিনি, থামিয়ে দেবেন চলচ্চিত্রের কাজ। আদালতের রায়ে তিনি ও তাঁর পরিবার যে বিপর্যস্ত, সে কথাও বলেন তিনি।আজ ২৮ মার্চ বৃহস্পতিবার সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী তিনি যথাসময়ে আত্মসমর্পণ করবেন এবং সাজা খাটবেন। সাজা মওকুফের জন্য তিনি আবেদন করেননি।বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে ভারতের সর্বোচ্চ আদালত ২১ মার্চ সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আত্মসমর্পণ করেননি সঞ্জয় দত্ত। কবে নাগাদ আত্মসমর্পণ করবেন, নাকি আদালতের কাছে সাজা মওকুফের জন্য আবেদন করবেন, এ নিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলোতে নানা আলোচনা হচ্ছে।সঞ্জয়ের প্রতি সমর্থন জানিয়েছেন অনেকেই। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন এ কাতারে। সবাই চাইছিলেন সঞ্জয় সর্বোচ্চ আদালতের কাছে সাজা মওকুফ করে দেওয়ার জন্য আবেদন করুন। কিন্তু সঞ্জয় দত্ত বলেছেন, ‘আমার চেয়ে আরও অনেকেই আছেন, যাঁরা ক্ষমা চাওয়ার যোগ্যতা রাখেন। আমি সবার কাছে হাতজোড় করে বলতে চাই, আমি যেহেতু ক্ষমা চাইনি, সেহেতু কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করবেন না। আমি জীবনের অনেক কঠিন একটা সময় পার করছি, তাই সবার কাছে অনুরোধ আমাকে শান্তিতে থাকতে দিন।’সঞ্জয় জানিয়েছেন, ‘আত্মসমর্পণ করার আগে আমার হাতে খুব কম সময় রয়েছে। আমি দ্রুত কাজ শেষ করে ফেলে আমার পরিবারকে কয়েকটা দিন সময় দিতে চাই। আমাকে যাঁরা কঠিন সময়ে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি আমার দেশ ও দেশের নাগরিকদের খুব ভালোবাসি।’
২১ মার্চ সুপ্রিম কোর্টের দেওয়া সাজার পর আজ প্রথমবারের মতো মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে বের হন সঞ্জয় দত্ত। তাঁর পাশে ছিলেন বোন প্রিয়া দত্ত।১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ ক্রমিক বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছেন ‘খলনায়ক’ খ্যাত ৫৩ বছর বয়সী সঞ্জয় দত্ত।বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। এর মধ্যে দেড় বছরের সাজা খেটেছেন তিনি। আরও সাড়ে তিন বছর খাটতে হবে সাজা।সঞ্জয় দত্তকে ক্ষমা করে দেওয়ার জন্য বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তি ও সঞ্জয়-ভক্তের সমর্থন থাকলেও ভারতের রাজনৈতিক দল বিজেপি ও শিবসেনা এর বিরোধিতা করছে।আজ ২৮ মার্চ থেকে আবার কাজে ফিরলেন ‘মুন্নাভাই’ খ্যাত সঞ্জয় দত্ত। আত্মসমর্পণের আগেই ‘পুলিশগিরির’ শুটিং আর ‘জঞ্জিরের’ ডাবিংয়ের কাজ শেষ করতে চান তিনি। এ ছাড়াও দ্রুত নিজের সব বাকি থাকা কাজ শেষ করতে চাইছেন খলনায়ক ‘কাঞ্চা’।সময় দ্রুত ফুরিয়ে আসছে, হাতে এখন প্রচুর কাজ। কাজ শেষ করে সাড়ে তিন বছরের জন্য চলে যেতে হবে জেলে। বিপর্যস্ত সঞ্জয় কতটা ভালোভাবে কাজ শেষ করতে পারবেন, তা সময়ই বলে দেবে। আপাতত সঞ্জয়ের প্রার্থনা, ‘আমাকে শান্তিতে কাজ শেষ করে সাজা খাটতে দিন। আমি আদালতের রায় মেনে নিয়েছি, ভগবানই আমার পাথেয়।’ সঞ্জয়ের সাড়ে তিন বছরের কারাদণ্ডে বলিউডের কী পরিমাণ লোকসান হচ্ছে? কয়েক শ কোটি রুপির লগ্নি, বেশ কিছু চলচ্চিত্রের ভবিষ্যত্ অন্ধকারে পড়ে যাচ্ছে। তবে আইন যে নিজের গতিতে চলতে পারছে, সে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।