কাপাসগোলা সড়ক জুড়ে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ব্যস্ততম এলাকা চকবাজার থেকে বহদ্দারহাট এবং উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে যাওয়ার একমাত্র সড়ক কাপাসগোলা। সড়কটির চকবাজার ওয়ার্ড কার্যালয় মোড় ফেলে সামনে যেতেই পুরোটা এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে গর্ত। হাঁটুপরিমাণ গভীর গর্তে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আটটি রিকশা উল্টে যায়। তাতে দুই নারীসহ অন্তত সাত ব্যক্তি আহত হন। দুপুরে এলাকাবাসী গর্তের একপাশে একটি লাল কাপড়সহ একটি খুঁটি গেড়ে চলাচলকারীদের সাবধান করে দেয়।স্থানীয় বাসিন্দা এবাদুল হক প্রথম আলোকে বলেন, ‘চোখের সামনে প্রতিদিন দেখি রিকশা উল্টে যাচ্ছে। যাত্রীবাহী বাসগুলো আটকে যায়। বাধ্য হয়ে আমরা লাল কাপড় বেঁধে একটি খুঁটি বসিয়ে দিই। এতে অন্তত রিকশা উল্টে যাওয়া বন্ধ হয়েছে।’জানা যায়, প্রায় এক বছর আগে কাপাসগোলা সড়কটির সম্প্রসারণের কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। ইতিমধ্যে সড়কের প্রায় এক-তৃতীয়াংশ সম্প্রসারণ করলেও কার্পেটিং শেষ করেনি। বাকি দুই-তৃতীয়াংশও সংস্কারবিহীন থাকে। তা ছাড়া বড় বড় গর্তের কারণে সম্প্রসারণ করা সড়কেরই একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। আর চউক সড়কটি সম্প্রসারণ করছে এমন অজুহাতে সিটি করপোরেশনও সেখানে মেরামতকাজ বন্ধ রেখেছে। ফলে প্রায় তিন কিলোমিটার সড়কটির পুরোটাই জুড়ে রয়েছে ছোট-বড় খানাখন্দ। অভিযোগ রয়েছে, কাপাসগোলা সড়কের মতো নগরের বেশির ভাগ সড়কেই সম্প্রসারণ ও মেরামতকাজ নিয়ে চউক ও সিটি করপোরেশনের সমন্বয়হীনতার ফলে শহরজুড়েই মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। চউক কোনো সড়ক সম্প্রসারণের কাজ শুরু করলে সেটি শেষ না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের মেরামতকাজ বন্ধ রাখে সিটি করপোরেশন। কিন্তু চউকও মেরামতকাজ করে না। আবার নির্দিষ্ট সময়ে সম্প্রসারণের কাজও শেষ হয় না। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘চউক যেসব সড়ক সম্প্রসারণ করছে, তার গতি খুবই শ্লথ। তারা সড়ক সম্প্রসারণের কাজ শেষ করে সিটি করপোরেশনকে হস্তান্তর করলেই আমরা মেরামতকাজ শুরু করতে পারি।’ তিনি বলেন, ‘এবারের বর্ষায় ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে নগরের প্রায় ২০০ কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গেছে। এগুলোর সংস্কার করতেই আমাদের অন্তত ১০০ কোটি টাকা দরকার। কিন্তু সরকার থেকে পাওয়া গেছে মাত্র আট কোটি টাকা। আমরা প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ জানা যায়, বর্তমানে চউকের তত্ত্বাবধানে নগরের তিনটি সড়ক সম্প্রসারণ এবং বহদ্দারহাট মোড়ে একটি উড়াল সড়ক নির্মাণকাজ চলছে। এসব সড়কের গর্ত ভরাট না হওয়ায় যান চলাচল দুরূহ হয়ে পড়েছে। উড়াল সড়ক নির্মাণকাজ শুরুর পর বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামে যাওয়া কঠিন হয়ে গেছে। বহদ্দারহাট মোড় থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ যেতে কোনো কোনো সময় পাঁচ থেকে ছয় ঘণ্টাও লেগে যায় বলে চালকেরা অভিযোগ করেন। তা ছাড়া সম্প্রসারণের কাজ শুরু হওয়া কোনো সড়ক নতুন করে মেরামত করছে না চউক। কাপাসগোলার মতো নগরের দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত ডিটি সড়ক এবং কদমতলী থেকে চৌমুহনী পর্যন্ত পাঠানটুলী সড়কেও এ জন্য অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। জানা যায়, চট্টগ্রামের সড়কগুলো নির্মাণ ও প্রশস্ততার কাজ করে চউক। আর সেগুলো নিয়মিত সংস্কারের দায়িত্ব সিটি করপোরেশনের। তবে এর বাইরে সিটি করপোরেশনও সীমিত পরিসরে সড়ক ও সেতু নির্মাণ এবং সংস্কারকাজ করে থাকে। বর্তমানে সিটি করপোরেশন নগরে আটটি সেতু নির্মাণ করছে। এর মধ্যে নগরের বাকলিয়ায় তিনটি এবং হালিশহর এলাকায় দুইটি সেতুর নির্মাণকাজও নগরবাসীর ভোগান্তির কারণ হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বাকলিয়ার তিনটি সেতুর নির্মাণ দাবি করে স্থানীয় লোকজন সিটি করপোরেশন ঘেরাও করে। দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে শহরের মানুষ দুর্ভোগে থাকলেও তা কবে সমাধান হবে, সে ব্যাপারে কোনো সঠিক আশ্বাস দিতে পারছে না প্রতিষ্ঠান দুটির প্রধান কর্তাব্যক্তিরা। প্রতিষ্ঠান দুটি কর্তাব্যক্তিরা একে-অপরের ওপর দায় চাপিয়েই কর্তব্য শেষ করেন বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকায় সড়কের অবস্থা খারাপ এবং উড়াল সড়ক নির্মাণকাজকে কেন্দ্র করে মানুষের সীমাহীন ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম। চউক চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘এ সড়কটির মালিক সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। তারা এ সড়কটি ছয় লেনে উন্নীত করার জন্য দরপত্র দিয়েছে। ফলে এ সড়কে নতুন করে অর্থ বিনিয়োগ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এ জন্য সওজও এ সড়কটি সংস্কার করেনি।’ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বপন কান্তি পালিত প্রথম আলোকে বলেন, ‘সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চউকের ব্যর্থতা ও অদক্ষতা আছে। সেখানে অযোগ্যরাই এসব কাজ করেন বলে সড়কগুলো দ্রুত নষ্ট হয়।’