কাপাসিয়ায় ‘রাজীব গণজাগরণ মঞ্চ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার ও শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সক্রিয় কর্মী আহমেদ রাজীব হায়দারকে হত্যার প্রতিবাদে উত্তাল ছিল গাজীপুরের কাপাসিয়া। সেই সঙ্গে শোকে স্তব্ধ ছিল কাপাসিয়াবাসী। প্রজন্ম চত্বরের সক্রিয় কর্মী আহমেদ রাজীবের স্মরণে কাপাসিয়ার গণজাগরণ মঞ্চের নামকরণ করা হয়েছে ‘রাজীব গণজাগরণ মঞ্চ’। কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ শনিবার থেকে কাপাসিয়ার গণজাগরণ মঞ্চ রাজীব গণজাগরণ মঞ্চ নামে পরিচালিত হবে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সেখান থেকেই চলবে আন্দোলন।’ গণজাগরণ মঞ্চ থেকে রাজীব হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার এবং পরের দিন সোমবার কাপাসিয়ার প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে উড়বে কালো পতাকা। সবাই কালো ব্যাজ ধারণ করবেন। আজ শনিবার রাতে ঢাকা থেকে আহমেদ রাজীবের লাশ কাপাসিয়ায় পৌঁছানোর কথা। আহমেদ রাজীবের পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার বাদ জোহর কাপাসিয়ার পাইলট স্কুল মাঠে রাজীবের জানাজা হবে। পরে তাঁর মরদেহ তরগাও ইউনিয়নের সৈয়দপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিহত ব্লগার আহমেদ রাজীবের শোকে স্তব্ধ কাপাসিয়াবাসী। রাজীবের বন্ধু কাপাসিয়ার স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ আল মাসুদ বলেন, তাঁর শৈশব কেটেছে সেখানেই। রাজীবের আরেক বন্ধু বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, তাঁর মেধার কারণে আমরা তাঁকে বুদ্ধিজীবী বলে ডাকতাম। তিনি ১৯৯৬ সালে ঢাকা গভ. ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৯৮ সালে কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তাঁর মৃত্যুতে কাপাসিয়াবাসী শোকাহত ও মর্মাহত।হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ব্লগার আহমেদ রাজীব হত্যার প্রতিবাদে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ঢাকা-কিশোরগঞ্জ-কাপাসিয়া বাজার ত্রিমোড় সড়কে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সমাবেশে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ। সেখানে বক্তব্য দেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইন উদ্দিন, অধ্যক্ষ মো. ছানাউল্লাহ প্রমুখ। সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। নিন্দা জানিয়েছে গাজীপুর সিপিবিহত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাজীপুর জেলা কমিটি। সিপিবি গাজীপুর জেলা কমিটির সভাপতি জয়নাল খান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বাদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদলিপিতে অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আহমেদ রাজীব হত্যার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।