কাপাসিয়ার জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন প্রত্যাখ্যান করে কাপাসিয়ার জনগণ সরকারকে লাল কার্ড (রেড কার্ড) দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে ১৮ দলীয় জোট ঢাকা মহানগর ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।কাপাসিয়ার উপনির্বাচনকে ‘পাতানো নির্বাচন’ আখ্যা দিয়ে সমাবেশে মির্জা ফখরুল বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে কোনো লোক ছিল না। সব মিলে ২০-২৫ শতাংশ ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, সরকার পাতানো নির্বাচন করে প্রহসন করেছে।’ মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেই নির্বাচন বর্জন করেছিলাম। বলেছিলাম, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আজকে তা প্রমাণিত হয়েছে।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই এই বিচার হোক। কিন্তু তা হতে হবে ন্যায়বিচার। কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিচার নয়। আর মানবতাবিরোধী অপরাধের বিচার হতে হলে যারা ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিল, আগে তাদের বিচার করতে হবে।’ফখরুলের অভিযোগ, সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি তাঁদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং সব ‘রাজবন্দীর’ মুক্তির দাবি জানান।সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৮ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।