কাপাসিয়ায় ভোটারের উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিরতি ছাড়াই বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন—আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, সিপিবির আসাদুল্লাহ বাদল ও স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ।আজ সকাল সাড়ে আটটার দিকে দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন আফসারউদ্দীন আহমদ। সকাল নয়টার দিকে একই কেন্দ্রে ভোট দেন সিমিন হোসেন রিমি। অপর প্রার্থী আসাদুল্লাহ বাদল বারিশাবু ইউনিয়নে নিজের এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশ কম ছিল। নির্বাচনী এলাকার সবচেয়ে বড় ভোটকেন্দ্র কাপাসিয়া পাইলট স্কুলে ভোট শুরুর আধা ঘণ্টা পর প্রথম ভোট পড়ে। এই কেন্দ্রে ভোটার তিন হাজার।অধিকাংশ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। বেলা ১২টার দিকে বৃষ্টি শুরু হলে ভোটার উপস্থিতি আরও করে যায়। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দেয়। নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানানো হয়, আজ ১০২টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়। নির্বাচনে ভোটার দুই লাখ ১১ হাজার ৮৮৪।বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এ আসনের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিমিন হোসেন হলেন সোহেল তাজের বড় বোন এবং আফসারউদ্দীন তাঁর চাচা।