কাপুরুষেরাই এসিড ছুড়ে মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গরিব ঘরে জন্ম আমার। তাই এসিড নিক্ষেপের শিকার হয়েও বিচার পাইনি। এত বড় একটি ঘটনা, থানায় মামলা পর্যন্ত হয়নি। সালিস-বিচারের মাধ্যমে সবকিছু হজম করে নিতে হয়েছে। এখন মুখের বিবর্ণ অবস্থা দেখে লোকজন এর কারণ জিজ্ঞেস করলে কোনো জবাব দিতে পারি না। শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মনে মনে জ্যাঠাতো ভাইকে অভিশাপ দিই এসিড মেরে আমার মুখটি ঝলসে দেওয়ার জন্য। ঘৃণা করি তাকে। এসিড তো তারাই ছুড়ে মারে, যারা কাপুরুষ।’১২ আগস্ট দুপুরে কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম চাকমারকুলের পশ্চিম সামাদাপাড়ার গৃহবধূ হোসনে আরা (২৭) ক্ষোভের সঙ্গে কথাগুলো বলে গেলেন। এসিড নিক্ষেপের ঘটনাহোসনে আরা জানান, ২০০০ সালের ১৪ নভেম্বর তাঁর জ্যাঠাতো ভাই রফিকুল ইসলাম (৩০) দলবল নিয়ে তাঁকে ঘর থেকে অপহরণ করেন। এর আগে প্রায় সময় রফিকুল প্রেম নিবেদন করতেন। ওই দিন কাজি এনে ঘরে শাদির ব্যবস্থাও করা হয়। কিন্তু তিনি রাজি না হওয়ায় বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যায়। পরে বাধ্য হয়ে হোসনে আরাকে নিজের ঘরে ফেরত পাঠানো হয়। সালিস বৈঠকে এই ঘটনার মীমাংসা করা হলেও রফিক চরমভাবে ক্ষুব্ধ হন। এর প্রতিশোধ নিতেই ঘটনার চার দিন পর অর্থাৎ ১৭ নভেম্বর রাতে রফিক ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় হোসনে আরার মুখে এসিড ঢেলে দেন। তখন হোসনে আরার বয়স ছিল ১৭ বছর। এসিড হোসনে আরার মুখ গড়িয়ে বাঁ চোখ এবং মাথার নিচে রাখা ডান হাতের তালুতে লাগে। মুহূর্তে কান্নাকাটি, হইচই শুরু হলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। হোসনে আরার সঙ্গে ঘুমন্ত ছোট দুই বোন জাহান আরা ও মনোয়ারা বেগম বড় বোনকে পাজাকোলা করে কাছের পুকুরে নিয়ে যায়। পানি ঢালে ইচ্ছেমতো। কোনো কাজ হচ্ছিল না। এসিড কী জিনিস, তখনো তারা বুঝে উঠতে পারেনি। রামু উপজেলার উত্তর চাকমারকুল গ্রামের দিনমজুর আবদুর রশিদের মেয়ে হোসনে আরা। তিন বোন দুই ভাইয়ের বড় হোসনে আরা লেখাপড়া তেমন করেননি। তাঁদের বাড়ির পাশে জ্যাঠাতো ভাই রফিকুল ইসলামের বাড়ি। তিনিও হালচাষ করে জীবিকা নির্বাহ করেন। চিকিৎসাএসিড ছুড়ে মারার দিন রাত দুইটায় হোসনে আরাকে আনা হয় প্রায় ১৫ কিলোমিটার দূরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরদিন সকাল আটটায় সেখান থেকে নেওয়া হলো প্রায় ৩০ কিলোমিটার দূরে উখিয়ার রাবেতা হাসপাতালে। সেখানে তাঁর ২৩ দিন চিকিৎসা চলে। পরে সেখান থেকে কক্সবাজার শহরে এক বাসায় রেখে ঢাকা থেকে আসা মজুমদার চিকিৎসকের কাছে ৩৯ দিন চিকিৎসা চলে। ভালো না হলে তাঁকে পাঠানো হয় চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে। সেখানে ১০ দিন চিকিৎসার পর পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের চক্ষু বিভাগে হোসনে আরার ১০ দিন চিকিৎসা চলে। এরপর একই হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলে টানা তিন মাস। হোসনে আরা জানান, এ সময় মুখে চারবার অস্ত্রোপচার করা হয়। এসিডদগ্ধ মুখের মাংস ফেলে দিয়ে সেখানে পায়ের মাংস প্রতিস্থাপন করা হয়। টানা তিন মাসের চিকিৎসায় মুখের অবস্থার সামান্য উন্নতি হলেও চোখের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন, চোখ ভালো করতে হলে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। কিন্তু টাকা না থাকায় বাড়ি চলে আসতে হলো। হোসনে আরা জানান, চিকিৎসা বাবদ এ পর্যন্ত তাঁর ৯২ হাজার টাকা খরচ হয়েছে। সালিস বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জ্যাঠা আবদুল কাদের খরচের অর্ধেক টাকা বহন করেন। বাকি টাকা তাঁর বাবা ঘরের ধান ও গরু বিক্রি করে জোগান দেন। পরে জ্যাঠা ভবিষ্যতের কথা ভেবে হোসনে আরার নামে ৩০ শতক জমি দলিল করে দেন। কষ্টের সংসারহোসনে আরা জানান, ‘বিকৃত মুখ দেখে কোনো পুরুষ তাঁর দিকে তাকাত না। আগের সুন্দর মুখ দেখে যারা পেছনে পেছন ঘুরত, তারাও এড়িয়ে চলতে লাগল।’ এমন সময় এগিয়ে এলেন এক পুরুষ। আমার দুরবস্থা দেখেও তিনি আমাকে বিয়ে করতে রাজি হলেন। তিনি হলেন একই উপজেলার রাজারকুল ইউনিয়নের দক্ষিণ ঘোনাপাড়ার মৃত দানু মিয়ার ছেলে আবুল কালাম (৩০)। তাঁর মা মাছবা বেগমও তিন বছর আগে মারা গেছেন। এতিম ছেলে। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর সঙ্গে আমার বিয়ে হলো।’ হোসনে আরা জানান, বিয়ের সময় আবুল কালামের হাতে একটা টাকাও ছিল না। জ্যাঠার দেওয়া ওই জমিটুকু ৩০ হাজার টাকায় বিক্রি করে তাঁর হাতে তুলে দিলাম। সে টাকায় বিয়ের আয়োজন, কাপড়চোপড়, বাসন-কোসন সব কেনা হলো। তারপর বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকা দক্ষিণ ঘোনাপাড়ায় গিয়ে শুরু হলো জীবনসংসার। ওখানে নিজের কোনো ঘর নেই। রামুর এক প্রভাবশালীর খামারবাড়ি পাহারা দেওয়ার শর্তে বাংলো বাড়ির একটি কক্ষে ঠাঁই হলো তাঁদের। বর্তমানে হোসনে আরার কোলে এক মেয়ে এক ছেলে। বড় মেয়ে মর্জিনা আকতার (৭) স্থানীয় মক্তবে পড়ে। আর ছেলে খুরশেদ আলমের বয়স দুই বছর। হোসনে আরা জানান, ‘বিয়ের পর সুখেই আছি। তবে গরিব মানুষ বলে অভাব তো লেগেই আছে। স্বামী প্রতিদিন সকাল আটটায় পাহাড়ে চলে যান জ্বালানি কাঠ সংগ্রহ করতে। বিকেল চারটায় ফিরে সেই কাঠ বাজারে বিক্রি করেন। দিনে ১০০ থেকে ১১০ টাকা পাওয়া যায়। এ নিয়ে চলে তাঁদের টানাপোড়েনের সংসার। কোনো সময় স্বামী অসুস্থ হলে আয়-রোজগার বন্ধ থাকে। তখন ধারকর্জ করে চলতে হয়। তা না হলে সবাইকে না খেয়ে থাকতে হয়।’ হোসনে আরা বলেন, ‘ইচ্ছে করে, কোথাও কাজকর্ম করে স্বামীকে সাহায্য করি। কিন্তু চোখের জন্য কাজ করতে পারি না। বাঁ চোখটি এসিডে নষ্ট হয়ে গেছে। সারাক্ষণ পানি ঝরে। ব্যথা করে। মাথা ঘোরে। অন্য চোখটি দিয়ে ঝাপসা দেখা যায়। কোনোমতে রান্নাবান্নার কাজগুলো সামলিয়ে চলছি।’ হোসনে আরা জানান, ‘স্বামী চান আমার চোখ ভালো হোক। দ্রুত সুস্থ হয়ে উঠি। কিন্তু টাকার জন্য পারছি না। গত বছর চোখ ভালো করার জন্য স্বামী একজনের কাছ থেকে ১০ হাজার টাকা দাদন নেন। সেই টাকায় কক্সবাজার বায়তুশ শরফ ও কক্সবাজার চক্ষু হাসপাতালে চিকিৎসা করেছি। ভালো হচ্ছে না। এখন দাদনের টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। হোসনে আরা বলেন, ‘এখন বাবা অন্ধ। মাও আমার বিয়ের দুই বছর পর মারা গেছেন। ছোট দুই বোনের বিয়ে হয় রামুতে। তাদের স্বামীরা হালচাষ করে কোনোমতে সংসার চালায়। আর দুই ভাই শ্রমিকের কাজ করে বাবাকে সাহায্য করে। এই দুরবস্থায় বাবা বা ভাইদের কাছ থেকে আমার চিকিৎসার খরচ চাইব, সে সাহস হচ্ছে না। আসলে এই দুনিয়ায় গরিবের ঠাঁই কোথাও হয় না।’ স্বামী আবুল কালাম জানান, হোসনে আরা খুব ভালো মেয়ে। তাঁর জন্য কোনো কিছু করতে পারছি না বলে স্বামী হিসেবে লজ্জা হয়। দেশের কোনো প্রতিষ্ঠান বা হূদয়বান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, হোসনে আরা চোখের আলো ফিরে পেতে পারেন।