কাপ্তাই হ্রদের পানিদূষণ, বাড়ছে রোগশোক
রাঙামাটি শহরসহ বিভিন্ন বাজার ও লোকালয়ের বর্জ্য নিক্ষেপ, অনুন্নত স্যানিটেশন ব্যবস্থা, কৃষিকাজে সার ও কীটনাশক ব্যবহার, পর্যটকদের নিক্ষিপ্ত পলিথিন, নৌযানের জ্বালানিসহ বিভিন্ন কারণে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বিস্তৃত কাপ্তাই হ্রদের পানিতে দূষণ বাড়ছে। কমপক্ষে সাত লাখ মানুষ প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতায় এ হ্রদের পানির ওপর নির্ভরশীল। হ্রদের পানি দূষণের ফলে এ দুই জেলার বহু লোক পেটের পীড়া, চর্মরোগ, চক্ষুরোগ, টাইফয়েড ও জন্ডিসে ভুগছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।গবেষণায় কাপ্তাই হ্রদসংলগ্ন ৪১টি স্থানকে দূষণের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে দাবি করা হয়, কাপ্তাই হ্রদের আশপাশের এলাকায় বসবাসরত ৮৫ শতাংশ মানুষ হ্রদের পানি দিয়ে রান্না, গোসল, ধোওয়া-মোছার কাজ করে। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয়ও কাপ্তাই হ্রদের পানি ব্যবহার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) রাঙামাটি প্রকল্পের সহায়তায় পরিচালিত এক গবেষণা জরিপে এসব তথ্য উপস্থাপন করা হয়। গবেষণায় বলা হয়, কাপ্তাই হ্রদের পানি দূষণের ২১টি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ চিহ্নিত করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি রকি চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি দূষণের ব্যাপারে বিভিন্ন বেসরকারি সংস্থা গবেষণা ও জরিপ চালিয়ে বিভিন্ন সময় উপস্থাপন করে। সব প্রতিবেদনেই আমরা আশঙ্কাজনক তথ্য পাই। তাই হ্রদের পানি দূষণ প্রতিরোধের ব্যাপারে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে একপর্যায়ে হ্রদসংলগ্ন এলাকাগুলোতে মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। রাঙামাটি শহরে পানি সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ জানান, বিভিন্ন সংস্থার জরিপ মাঝে মাঝে তাঁদের কাছে পাঠানো হয়। তাতে হ্রদের পানি দূষণের যে চিত্র পাওয়া যায়, তা খুবই ভয়াবহ। সে কারণে সরবরাহ করা পানি যেন দূষণমুক্ত হয়, সে বিষয়ে তাঁরা সচেষ্ট থাকেন।