কাপ্তাইয়ে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গুলিবিনিময়ে একজন আদিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রাইখালী ইউনিয়নের ওই দুর্গম পাহাড়ি এলাকার গবছড়া গ্রামে আজ শুক্রবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই পার্শ্ববর্তী রাজস্থলী উপজেলার বাসিন্দা। হতাহতরা বহিরাগত হওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে রাঙামাটি সেনা রিজিয়ন থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশি মারমা জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তবে এলাকার জনগণ নিরাপত্তাহীনতায় আছে।