কাপ্তাইয়ে ওএমএসের চালসহ ডিলার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওএমএসের চাল পাচারকালে একজন ডিলারকে আটক করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁকে আটক করা হয়। হাজেরা খাতুন প্রথম আলোকে জানান, উপজেলা সদরের বরইছড়ি এলাকার ওএমএসের ডিলার আরিফ রাতে চাল পাচার করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে চালসহ আটক করা হয়। আরিফ ১১ বস্তা চাল তাঁর দোকান থেকে অবৈধভাবে সরিয়ে একটি বাসায় নিয়ে রাখেন। নির্বাহী কর্মকর্তা আরও জানান, ডিলার আরিফকে রাতে কাপ্তাই থানা হেফাজতে রাখা হয় এবং আজ রোববার তাঁকে রাঙামাটি আদালতে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ সিদ্দিকী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে চালসহ ডিলার আটক করার কথা নিশ্চিত করেন।