কাপ্তাইয়ে জেএসএসের তিন সমর্থক গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম আগারপাড়া এলাকায় গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে পার্বত্যচুক্তির পক্ষের সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) তিন সমর্থক নিহত হয়েছেন।এ ঘটনায় পার্বত্যচুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছে জনসংহতি সমিতি। তবে ইউপিডিএফ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।নিহত ব্যক্তিরা হলেন, ডেভিড চাকমা ওরফে রকি (২৮), হ্লা সুই মারমা (৩০) ও ক্যচিং থোই মারমা (২২)।স্থানীয় লোকজন ও জনসংহতি সমিতির ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে কাপ্তাই উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণ-পূর্বে চিৎমরম ইউনিয়নের আগারপাড়া এলাকায় জনসংহতি সমিতির কয়েকজন সমর্থকসহ বেশ কিছু গ্রামবাসী একটি দোকানে চা পান করছিল। এ সময় ইউপিডিএফের ২০-২২ জনের একটি সশস্ত্র দল এসে কাছ থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।পরে ইউপিডিএফের সদস্যরা বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছে জানতে চান, কারা জনসংহতি সমিতির সদস্য। এ সময় অংশি মারমা ও অংচিওলা মারমা নামের দুজন তাদের পায়ে ধরে অনুনয়-বিনয় করে বলেন, তাঁরা এলাকার নিরীহ বাসিন্দা, জনসংহতির সদস্য নন। পরে ইউপিডিএফের সদস্যরা দুর্গম চাকুয়াপাড়া ও আড়াছড়ির দিকে পালিয়ে যায়।কাপ্তাইয়ে কর্মরত একটি গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগারপাড়া এলাকাটি জনসংহতি সমিতির ঘাঁটি হিসেবে পরিচিত। তারা প্রায় সময় ওই স্থানে বৈঠক করে এবং সাংগঠনিক কাজ করে। এলাকাটি নিজেদের আওতায় নিতে ইউপিডিএফের সন্ত্রাসীরা ওই হামলা চালায়। খবর পেয়ে কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইলিয়াস হোসেন, সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকতার শহীদ, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার সাহাসহ চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে চায়নিজ রাইফেলের ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়।এএসপি প্রণব কুমার স্থানীয় লোকজনের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, সেখানে আরও দুই-তিনজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ছিলেন। ঘটনার পরপরই তারা পালিয়ে গেছে। তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, নিহত তিনজনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাল (আজ শনিবার) হত্যা মামলা করবেন।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, নিহত তিনজন জনসংহতি সমিতির সমর্থক। এর মধ্যে ডেভিড চাকমার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার উবুদোছড়ি গ্রামে। তিনি ব্যবসার কাজে ওই এলাকায় গিয়েছিলেন। অপর দুজন স্থানীয়। ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা আগারপাড়ায় গিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে। যোগাযোগ করা হলে ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়কারী অলকেশ চাকমা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই এলাকায় তাদের দলের কোনো কার্যক্রম নেই। তাদের কেউ ওই হত্যাকাণ্ডে জড়িতও নয়। ঘটনাটি জনসংহতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতে পারে।