কাপ্তাইয়ে নৌডুবিতে তিন তীর্থ যাত্রীর মৃত্যু
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় নৌডুবিতে তিন তীর্থ যাত্রী মারা গেছেন।নিহত ব্যক্তিরা হলেন—প্রদীপ বড়ুয়া (৬০), দ্বীপশিখা বড়ুয়া (২২) ও তিন্নি বড়ুয়া (১২)। তাঁরা সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশান্ত বড়ুয়ার পরিবারের সদস্য।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক মেজর মোল্লা মোস্তাক রেজা জানান, তীর্থ যাত্রীরা প্রথমে ভালোভাবেই কর্ণফুলী নদী পার হয়ে চিত্মরম যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখান থেকে ফেরার পথে একটি সাম্পানে ওঠে। ওই সাম্পানের মাঝি না থাকায় তাঁর ১৫ বয়সী ছেলে সাম্পান চালিয়ে নদী পার করে দিতে পারবে বলে জানায়। সাম্পান মাঝ নদীতে আসার পর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধর করতে পারলেও সেখানে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে কাপ্তাইয়ের শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটির ডুবুরিরা এসে উদ্ধার অভিযান চালান। কাপ্তাইয়ের দমকল বাহিনীও এতে অংশ নেয়।দুর্ঘটনার খবর পেয়ে প্রশান্ত বড়ুয়া কাপ্তাইয়ে ছুটে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর পরিবার পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলায় বসবাস করেন। পরিবারের ১২ জন সদস্য শুক্রবার কাপ্তাই উপজেলার চিত্মরমে অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থ স্থান চিং ম্রং বৌদ্ধ বিহারে পূজা করতে আসেন।