কাফরুলে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
রাজধানীর কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় ছাত্রলীগ নেতা এ কে ফজলুল হক হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোলাম মাহদী (৩০),শাহরিয়ার কবির (২৭), কামরুজ্জামান (৩৮), গোলাম কাদের (২৬),মিজানুর রহমান (৪১) ও সোহরাব হোসেন আকন্দ (৪২)। তাঁদের মধ্যে ডিবির সহকারি কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গোলাম মাহদী ও শাহরিয়ার কবির সরাসরি গুলি করেন। অন্যান্যরা তাঁদের পাশে ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে তিনটি পিস্তল ও ২৩টি গুলি উদ্ধার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। হত্যার ঘটনায় কাফরুল থানায় করা মামলায় ওই ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মসিউর রহমান জানান, চাঁদাবাজির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ ঘটনায় সংবাদ ব্রিফিং করেছেন। ২১ এপ্রিল রাজধানীর কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় ইটখোলা বাজারের কাছে এ কে ফজলুল হক খুন হন। তিনি ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।