কাফরুলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর কাফরুলে গত সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবকের নাম ফিরোজ (২৭)। র্যাব দাবি করেছে, নিহত যুবকের নাম ফিরোজ ওরফে কসাই ফিরোজ। তাঁর বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে। তবে পুলিশ বলছে, ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলার খোঁজ পাওয়া গেছে।র্যাব সূত্র জানায়, সোমবার রাত সাড়ে তিনটার দিকে মিরপুর ১৪ নম্বর কচুক্ষেত নুর জামে মসজিদের উত্তর পাশে আক্তার অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চার-পাঁচজন যুবক বসে আড্ডা দিচ্ছিল। এ সময় র্যাব-৪-এর একটি টহল দল তাদের কাছাকাছি পৌঁছালে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এরপর উভয় পক্ষের মধ্যে কয়েক মিনিট গুলিবিনিময় হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ফিরোজ রাস্তায় লুটিয়ে পড়েন এবং অন্যরা পালিয়ে যায়। র্যাব আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাব-৪-এর কর্মকর্তা আবু তাহের জানান, ফিরোজের বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি ধারালো ছোরা ও একটি গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাফরুল থানায় মামলা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার লুত্ফুল কবীর প্রথম আলোকে জানান, গুলিতে নিহত ফিরোজ এলাকার কুখ্যাত সন্ত্রাসী। সন্ধ্যা পর্যন্ত তাঁর বিরুদ্ধে থানায় ১৫টি মামলা পাওয়া গেছে।