কাফরুলে সন্ত্রাসীদের হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত
রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আজ শনিবার সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।আহতরা হলেন আবদুল ওহাব (২৫), আঞ্জু মিয়া (২৪) ও উজ্জ্বল (২০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে চারজন সন্ত্রাসী ৪১৮/১ সেনপাড়া পর্বতায় একটি নির্মাণাধীন ভবনে গিয়ে নিরাপত্তাকর্মী আবদুল ওহাবের কাছে চাঁদা দাবি করে। ওহাব টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর ডান পায়ে গুলি লাগে।এ ঘটনার আধঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে চার-পাঁচজন সন্ত্রাসীর আরেকটি গ্রুপ ৪৫৬ সেনপাড়া পর্বতায় আরেকটি নির্মাণাধীন ভবনে দাবিকৃত চাঁদার টাকা আনতে যায়। টাকা না পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তাকর্মী উজ্জ্বলের ডান পায়ে গুলি করে এবং আঞ্জু মিয়ার পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।