কাফরুলে ৫৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার একটি বাসায় ঢুকে ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতেরা। বাধা দিতে গেলে ওই বাসার তিনজনকে ডাকাতেরা কুপিয়ে আহত করে। গতকাল বুধবার গভীর রাতে সেনপাড়া পর্বতার ৪ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পালানোর সময় এক ডাকাতকে আটক করে থানায় দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে ওই বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাতেরা। তারা সবাইকে ঘুম থেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তারা বাসার আলমারি থেকে ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে জাফর উল্লাহ (৫৮), তাঁর ভাইয়ের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও শ্যালক পারভেজকে (৩৫) কুপিয়ে আহত করে ডাকাতেরা। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকদের চিত্কারে আশপাশের লোকজন তাদের তাড়া করে। একপর্যায়ে সাঈদ নামের এক ডাকাতকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। এলাকাবাসী সাঈদকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। আহত জাফর উল্লাহ, জাহাঙ্গীর আলম ও পারভেজকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, সাঈদকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতচক্রটি শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।