কাফরুলের ফ্ল্যাটে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতার একটি ফ্ল্যাট থেকে গত শুক্রবার মধ্যরাতে নিগার সুলতানা (৩২) নামে একজন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ছিলেন। কাফরুল থানা সূত্র জানায়, গত বুধবার রাতে স্বজনদের কাছে খবর পেয়ে পুলিশ ২৭০ সেনপাড়া পর্বতার ষষ্ঠ তলার দরজা ভেঙে শোবার ঘরের খাটের ওপর থেকে নিগার সুলতানার লাশ উদ্ধার করে। ফ্ল্যাটটি মৃত নিগারের বড় ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ইফতেখার হোসেনের। পুলিশ লাশের হাত ও পায়ের কাছ থেকে তরল পদার্থ ভর্তি দুটি সিরিঞ্জ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুর রশীদ প্রথম আলোকে জানান, নিগার সুলতানার ডান হাতে ইনজেকশন নেওয়ার চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, বিষাক্ত ইনজেকশন নিয়ে নিগার সুলতানা আত্মহত্যা করেছেন। ওসি জানান, এ ব্যাপারে কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মৃত নিগারের চাচাতো বোন নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ঘটনাটি রহস্যজনক। মৃত্যুর আগে নিগার সুলতানা ব্লাকমেইল বা প্ররোচনার শিকার হয়ে থাকতে পারেন। তিনি ময়মনসিংহ মেডিকেলে চাকরি করার পাশাপাশি সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতেন। দুই মাস আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি প্রশিক্ষণ নিতে ঢাকায় আসেন এবং নগরের নীলক্ষেতের একটি হোস্টেলে থাকতেন। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার তিনি সেনপাড়া পর্বতায় তাঁর ভাইয়ের ফ্ল্যাটে থাকতেন।গত বুধবার নিগারের মা সেতারা হোসেন ও ভাই ইফতেখার হোসেন হজ পালনে সৌদি আরবে গেছেন। এরপর ইফতেখারের স্ত্রী সাবিনা হোসেন তাঁর ছোট্ট সন্তান নিয়ে পিতৃগৃহে যান। এর আগে তিনি নিগারের কাছে ফ্ল্যাটের চাবি দেন। এদিকে নিগারের স্বামী আশরাফুল আলম এক বছর ধরে উচ্চশিক্ষা নিতে অস্ট্রেলিয়ায় রয়েছেন। আগামী ১০ নভেম্বরে তাঁর দেশে ফেরার কথা। নিগারের সঙ্গে তাঁর স্বামীর ভালো বোঝাপড়া ছিল। নিগার অস্ট্রেলিয়া গিয়ে সেখান থেকে ছয় মাস আগে দেশে ফেরেন। ২০০২ সালে আশরাফুল আলমের সঙ্গে তাঁর পারিবারিক প্রস্তাবে বিয়ে হয়।নাসরিন জানান, ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে নিগার বাসায় আসেন। এ সময় তিনি নিরাপত্তাকর্মীকে বলেন, ‘আমি বাসায় একা আছি। আমার ভয় লাগছে। একটু খেয়াল রাখবেন।’ নাসরিন বলেন, নিগার আত্মহত্যাই যদি করবেন, তাহলে তো এমন কথা বলতেন না।পারিবারিক সূত্র জানায়, নিগারের পূর্বপরিচিত এক চিকিৎসক শুক্রবার সন্ধ্যায় নিগারের ভাবিকে ফোন করে বলেন, তাঁর মোবাইল ফোনের অপরপ্রান্ত থেকে নাম-পরিচয় প্রকাশ না করে সকাল থেকে দফায় দফায় বলা হচ্ছে, ‘নিগার সুলতানা মহাবিপদে আছেন’। পরিবারের প্রশ্ন, ওই চিকিৎসক এই খবর সকালে তাঁদের কেন জানালেন না। এরপর নিগারের ভাবি ও তাঁরা ওই ফ্ল্যাটে যান। পরে কাফরুল থানায় ঘটনাটি জানানো হয়।নিগারের মৃত্যুর খবর পেয়ে সৌদি আরব থেকে তাঁর মা-ভাই এবং অস্ট্রেলিয়া থেকে তাঁর স্বামী দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা দেশে ফিরে নিগারের লাশের দাফনের ব্যবস্থা করবেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ সেখানের মরচুয়ারিতে রাখা হয়েছে।নিগার সুলতানা এক ভাই এক বোনের মধ্যে ছোট ছিলেন। তাঁর বাবা মৃত এছার হোসেন। নিগারের কোনো সন্তান ছিল না।