কাবা শরিফে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কাবা শরিফে গতকাল জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। পবিত্র হজের আগে শেষ জুমা ছিল গতকাল। হজ পালন করতে মক্কায় সমবেত হওয়া সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন। নানা বর্ণ, গোত্রের মানুষ দাঁড়িয়েছেন এক কাতারে।কাবা শরিফ, মাতাফ (তাওয়াফের স্থান), বেজমেন্ট, নিচতলা, একতলা, দোতলা, ছাদ—সব ছিল কানায় কানায় ভরা। কাবা শরিফের আশপাশের রাস্তাও ছিল মুসল্লিতে পূর্ণ। জুমার নামাজ আদায় করতে সকাল ১০টা থেকেই লাখ লাখ মুসল্লি মসজিদুল হারামে আসতে থাকেন। অনেকে আশপাশের সড়কগুলোতে সঙ্গে আনা জায়নামাজ, চাদর বিছিয়ে নামাজ আদায় করেন।জুমার নামাজের তিন ঘণ্টা আগেই মসজিদুল হারামের চারপাশের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে চারপাশে থাকা গাড়ি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়। ইমামের খুতবা শোনার জন্য মসজিদের বাইরেও ছিল পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। খুতবায় বিশ্বের সব মানুষের জন্য দোয়া করা হয়। খুতবায় বলা হয়, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাঁরা বড়ই ভাগ্যবান। হজের প্রতিদানস্বরূপ আল্লাহ তাঁদের জান্নাত দান করবেন।কাবা শরিফে জুমার নামাজ আদায়ের পর আতিকুজ্জামান বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বড় জামাতে জুমার নামাজ আদায় করলাম। এত বড় জামাতে শরিক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’ ঢাকার ক্রিসেন্ট রোডের বাসিন্দা আতিকুজ্জামান তাঁর মা রিজিয়া জামানকে সঙ্গে নিয়ে হজ পালন করতে এসেছেন। হজ করতে আসা আরও অনেক বাংলাদেশি নামাজ আদায়ের পর অনুভূতি জানাতে গিয়ে একই ধরনের কথা বললেন।গতকাল মুসল্লিদের নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মসজিদুল হারামে প্রবেশের জন্য ছোট-বড় শতাধিক পথে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পথে পুলিশ তল্লাশি করে। যাঁদের সঙ্গে ব্যাগ ছিল, সেই ব্যাগ পরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যাঁদের সঙ্গে বড় ব্যাগ ও ক্যামেরা ছিল, তাঁদের নামাজ আদায় করতে হয়েছে বাইরে। কারণ, এসব নিয়ে ভেতরে ঢোকা যায় না। মহিলাদের ব্যাগ তল্লাশি করেছেন মহিলা নিরাপত্তাকর্মীরা।মক্কায় কড়া নিরাপত্তাব্যবস্থা: হজ উপলক্ষে মক্কার চারপাশ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন মক্কায় ঢুকতে পাসপোর্ট অথবা আকামা (কাজের অনুমতিপত্র) দেখাতে হয়। পথেঘাটে চলছে তল্লাশি। তাই সঙ্গে পরিচয়পত্র রাখতে হয়।কাবা শরিফের নিরাপত্তার জন্য এর ভেতরে ও বাইরে অসংখ্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও নিরাপত্তা যন্ত্রপাতি বসানো আছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে ও পোশাক পরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন মসজিদের প্রবেশপথে এবং ভেতরে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। মসজিদের ভেতর চিকিৎসাসেবাকেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও বাইরে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স থাকে।দিনরাত অসংখ্য মানুষ কাবা শরিফে তাওয়াফ করছেন। ভিড়ের কারণে কেউ পথ হারালে তাঁকে গন্তব্যে পৌঁছে দেন মক্কার স্থানীয় লোকজন। বাংলাদেশ হজ মিশনের কর্মীরাও হাজিদের সাহায্য করছেন।হজ পালনে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান মক্কায় জমায়েত হয়েছেন। আজ শনিবার থেকে তাঁরা মিনার উদ্দেশে রওনা হবেন। হজের অংশ হিসেবে তাঁরা মিনায় পাঁচ দিন থাকবেন।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত ৮৯ হাজার ২৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।আরও তিনজনের মৃত্যু: পবিত্র হজ পালন করতে আসা আরও তিন বাংলাদেশি মারা গেছেন। তাঁরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রশিদ উদ্দিন আহমেদ চৌধুরী (৭০), রাঙ্গুনিয়ার আবদুল কাদের (৭৮) ও টাঙ্গাইলের নাগরপুরের নবাব নাবিল রাজ (৬৬)। জানাজা শেষে তাঁদের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ নিয়ে এবার এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হাজি মারা গেলেন।