কাবাব নিয়ে কেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের সঙ্গে ‘বার বি কিউ’ জোড়া থাকলেও মেনুতে বার বি কিউয়ের পদ হাতে গোনা কয়েকটা। তার চেয়ে বরং মেনুতে জোড়া কাবাবের পদই চোখে পড়ল বেশি। তবে ৪০০ নিউ ইস্কাটনের তিনতলার ঢাকা বার বি কিউয়ের ভেতর ঢুকলেই বুঝতে পারবেন, এর পরিবেশটা শহরের অন্য যেকোনো কাবাবের দোকানের চেয়ে খানিকটা আলাদা। বেশ পরিপাটি করে গোছানো, ছিমছাম পরিষ্কার রেস্টুরেন্ট। কোনো হইচই নেই। পরিবার-পরিজন নিয়ে নিরিবিলি খাওয়া-দাওয়া করার জন্য একেবারে চমৎকার পরিবেশ।মেনুতে সব মিলিয়ে প্রায় ৫০টি পদ আছে। শুধু নান আর পরোটাই আছে নয় পদ। এর মধ্যে পনির নান, পুদিনা নান, কাশ্মীরি নান, গার্লিক জিঞ্জার নান রয়েছে। নান যদি খেতে না চান, তো আছে রুমালি রুটি আর আলু পরোটা। এর সঙ্গে বেছে নিতে পারেন গরুর মাংসের রোল, শাশলিক কিংবা ক্ষীরি কাবাব। গরুর মাংসে রুচি না থাকলে খাসির মাংসে তৈরি বটি কাবাব, চাপ, মোগলাই গ্রেভি, তাওয়া গ্রেভিও বেছে নিতে পারেন। মুরগির কাবাবও আছে বেশ কয়েক রকম। মুরগির রেশমি কাবাব, টিক্কা, তান্দুরি, হাড়ছাড়া ঝাল-ফ্রাই, তাওয়া গ্রেভি, গ্রিল বার বি কিউ অথবা স্পেশাল বার বি কিউও চেখে দেখতে পারেন। সঙ্গে একটু নিরামিষের ছোঁয়া রাখতে পাতে নিতে পারেন তাড়কা ডাল কিংবা মিক্সড ভেজিটেবল।খাবারের ফরমায়েশ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরা আবার সবকিছু টাটকা টাটকা বানায়। এই অপেক্ষার ফাঁকে ঢাকা বার বি কিউয়ের নোনতা লাচ্ছিটা চেখে দেখতে পারেন। খাঁটি দুধ সংগ্রহ করে তা দিয়ে দই বানানো হয় এখানেই। তারপর সেই টাটকা দই থেকে তৈরি হয় গাঢ় ঘন লাচ্ছি। চুমুক দিলে খাঁটি দইয়ের গন্ধ পাবেন, স্বাদটা তাই একটু টক-নোনতা, তবে দারুণ মুখরোচক।লাচ্ছিতে চুমুক দিতে না দিতেই খাবার হাজির। ভাঁপ ওঠা কাবাব দেখে যদি জিবে পানি আসে, তবে এক কাজ করুন, কাবাবের সঙ্গে যে রাইতা সালাদ দিয়েছে, সেটা আগে মুখে দিন। টক দই, পুদিনা পাতা, শসা, পেঁয়াজ আর টমেটোর মিশেলে সে এক দুর্দান্ত জিনিস।স্পেশাল চিকেন বার বি কিউটার স্বাদ অন্য রকম। বার বি কিউ পশ্চিমা পদ হলেও, নরম মুরগির মাংসের গায়ে মাখানো টকটক সসে ধনে-জিরার গুঁড়ো কেমন একটা দেশি স্বাদ-গন্ধ এনে দেয়। খেতে বেশ লাগে কিন্তু। মজা লাগে গ্রিল চিকেন বার বি কিউটাও। অল্প আঁচে বেশ করে ঝলসানো মুরগির মাংস, তেল-মসলার মাপে একদম ঠিকঠাক। পুদিনা নানের মনমাতানো গন্ধ, কিংবা পনির নানের নোনতা স্বাদ, ঝলসানো মুরগির মাংসের সঙ্গে মিলে-মিশে তুমুল ঝড় তোলে মুখের ভেতর। তবে সব কটি পদের মধ্যে চিকেন তাওয়া গ্রেভির স্বাদটা একদম ভিন্ন। এ রকম কায়দায় রান্না করা তরকারি সচরাচর চোখে পড়ে না। মুরগির হাড়বিহীন মাংস অনেকটা মাখা মাখা করে রান্না করা হয়। দেখতে একটু শুকনো-শুকনো মনে হলেও খেতে খুবই রসালো এই পদটা।আমিষের পদ থেকে একটু চোখ ফেরালেই যে পদটা মনে ধরবেই আপনার, তার নাম তাড়কা ডাল। সব রকম ডাল একসঙ্গে মিশিয়ে একদম শুকিয়ে ফেলা হয়। নানা ডালের মিশ্রণই হোক, কিংবা রান্নার কায়দার কারণেই হোক, নিরামিষের এই পদটা ভোজনরসিকদের মন কাড়বেই। সবচেয়ে বড় কথা হলো, মেনু থেকে যে পদটাই বেছে নিন না কেন, প্রতিটি পদে যত্নের ছোঁয়া টের পাওয়া যায়। যত্ন করে রাঁধে বলেই হয়তো ঢাকা বার বি কিউয়ের খাবারগুলোয় কেমন একটা ঘরোয় ঘরোয়া স্বাদ লেগেই থাকে!