কাবাবের কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লা জ্বলছে গনগনে তাপ ছড়িয়ে। লালচে আভায় পুড়ে পুড়ে দারুণ চনমনে, ক্ষুধাজাগানিয়া গন্ধ ছড়াচ্ছে কাবাব। অমন জমকালো আয়োজন দেখে কাবাবের কারখানা বলেই মনে হয় শহরের অভিজাত রেস্তোরাঁ ‘কয়লা’কে। সত্যি বলতে কি, তারাও নিজেদের দাবি করে ‘কাবাব কোম্পানি’ বলে।৪১১ গুলশান-তেজগাঁও লিংক রোডের এই রেস্তোরাঁর রয়েছে সুস্বাদু কাবাব বানানোর অন্য রকম সুনাম। যদিও অন্যান্য রেস্তোরাঁর মেন্যুর মতো কয়লার মেন্যুতে শত শত পদ নেই; কিন্তু যে কটা আছে, তার প্রত্যেকটাই যত্ন করে বানায় দিল্লি থেকে কাজ শিখে আসা রন্ধনশিল্পীরা।বিফ শিক, বিফ বটি কাবাব, শামী কাবাব, আফগানি চিকেন, চিকেন মালাই টিক্কা কিংবা ল্যাম্ব বাররা—যেটাই পাতে তুলে নিন, বহুদিন পর্যন্ত স্বাদ ভুলতে পারবেন না। এর মধ্যে বিশেষ করে বলতে হয় ল্যাম্ব বাররার কথাটা। এই কায়দায় ঝলসানো কাবাব ঢাকার অন্য কোনো রেস্তোরাঁয় সচরাচর দেখা যায় না।মাংস খেতে যাদের আপত্তি, তাদের জন্যও রয়েছে কয়লার বিশেষ আয়োজন। মাংসের পাশাপাশি মাছের কাবাবও পাওয়া যায় এখানে। তাই কয়লার মেন্যু থেকে রূপচাঁদা তন্দুরি কিংবা ফিশ টিক্কাও বেছে নিতে পারেন।কাবাব ছাড়াও বলতে হয় কয়লার হায়দরাবাদি বিরিয়ানির কথা। কেননা খানদানি বাসমতি চাল, জায়ফল, জাফরান ও শুকনো পাতি লেবুর সঙ্গে সঙ্গে প্রায় ৪০ রকমের মসলা দিয়ে রান্না করা হয় এই বিরিয়ানি। আর তাতে পানির বদলে ব্যবহার করা হয় গরুর দুধ। ভাপ ওঠা গরম বিরিয়ানি যখন তামার পাত্রে করে টেবিলের ওপর চলে আসে, তখন জিভে জল ঝরানো খুশবুই বলে দেয় স্বাদটা কেমন হবে। আর এই বিরিয়ানি খুবই সামান্য তেলে রান্না করা হয়, তাই খেতে গেলে মোটেই অস্বস্তি লাগে না। আমের আচার, পেঁয়াজ কিংবা পুদিনার চাটনি পাশে দেওয়াই থাকে। ভারতের হায়দরাবাদ এলাকায় এই তরিকায় রান্না হয় বলে এর নাম হয়েছে হায়দরাবাদি বিরিয়ানি। কিন্তু স্বাদের কথা বললে কয়লার আফগানি আর কাশ্মীরি বিরিয়ানিও কম যায় না।বিরিয়ানির পাশাপাশি এখানে রুটিও মেলে বেশ চমৎকার। পাঞ্জাবি নান, শেরমাল রুটি, পাঞ্জাবি লাল রুটি, রুমালি রুটি, পনির পরোটা, তন্দুরি লাচ্ছা পরোটা, কিমা পরোটা আছে কয়লার তালিকায়।এই রুটি দিয়ে খাওয়ার জন্য কয়েক পদের তরকারি পাওয়া যায় এখানে। চিকেন কড়াই, মাটন রোগন জোশ, মাটন কড়াই, মাটন মোগলাই, বিফ কড়াই, বিফ কি বাদশা, চিকেন মোগলাই অথবা চিকেন ভর্তা চেখে দেখতে পারেন।আমিষে যাদের রুচি নেই, তাদেরও হতাশ করবে না কয়লা। ডাল মাখনি, ডাল বাটার ফ্রাই, সবজি বাহারি, ভেজিটেবল দোপেঁয়াজা, পালং পনির আর গুজরাটি কায়দায় রাঁধা সবজিও পাবেন অনায়াসে। তাই কয়লায় খেতে এসে মাছ-মাংসটা যদি বাদও দিতে চান, তাতে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে বেছে নিতে পারেন এর যেকোনো একটি পদ।ভরপেট খাওয়া তো হলো, এবার একটু মিষ্টিমুখ করা যাক। সে আয়োজনেও কমতি নেই কয়লায়। খাঁটি দইয়ের ঘন লাচ্ছি নিতে পারেন। তাতেও যদি মন না ভরে, তাহলে আছে সত্যিকারের কুলফি মালাই। দুধ, মাওয়া, জাফরান, পেস্তাবাদাম আর কাঠবাদামের মিশ্রণে ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি হয় এই কুলফি মালাই। চেখে না দেখলে এর স্বাদ কী রকম তা বলা মুশকিল। তবে লাখ টাকা কেজি দরের খাঁটি জাফরান দিয়ে চা চেখে দেখতে হলেসাহস থাকতে হবে।ভারতীয় খাবারের এ রেস্তোরাঁর ব্যবস্থাপক শ্রীদাম দাশ জানালেন, ৪০০ থেকে ৬০০ টাকা হলেই এখানে মোটামুটি একজন মানুষ পেট ভরে খেতে পারবে। আর এক হাজার টাকা হলে দুজন মানুষের পেট পুরে খাওয়া হয়ে যায় অনায়াসে।