কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৯, আহত ৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ মঙ্গলবার ন্যাটোর একটি গাড়িবহরের ওপর চালানো এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাটি চালানো হয় পার্লামেন্ট ভবন ও অন্যান্য সরকারি ভবনের নিকটবর্তী দারুল আমান চৌরাস্তায়। নিহতদের মধ্যে সবাই আফগানিস্তানের বেসামরিক নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি সৈনিক আছে কি না সে সম্পর্কে তাত্ক্ষণিক কিছুই জানা যায়নি। কাবুলে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোয় তালেবান জঙ্গিরা নগরটিতে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে।জানা যায়, আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি চালাচ্ছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নগরের পশ্চিমাঞ্চলে ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (ইসাফ) ওই গাড়িবহরটি বোমা হামলার শিকার হয়। এলাকাটি এখন ন্যাটো বাহিনী ও আফগান পুলিশ ঘিরে রেখেছে। হামলায় আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসাফের একজন মুখপাত্র বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, কোনো গ্রুপ এ পর্যন্ত এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামলাটিকে ‘হূদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়, ‘আমরা কঠোর ভাষায় এ হামলার নিন্দা করছি। আল্লাহর ইচ্ছা হলে আফগানিস্তান শিগগিরই এ ধরনের কষ্টভোগ থেকে নিস্তার পাবে বলে আমার বিশ্বাস।’