কাবুলে আত্মঘাতী বোমা, বিদেশিসহ নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে আজ মঙ্গলবার একটি মিনিবাসে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে নয়জন বিদেশি নাগরিক রয়েছেন। হেজব-ই-ইসলামি নামের একটি আফগান ইসলামি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।এদিকে আফগান বাহিনীর সঙ্গে মিলে চালানো যৌথ অভিযান কমানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। গত রোববার ন্যাটোর লেফটেন্যান্ট জেনারেল জেমস টেরি এই নির্দেশ দেন। রয়টার্স ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত বিভিন্ন খবরে এসব তথ্য জানানো হয়।আফগান পুলিশ জানায়, আত্মঘাতী হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার বিমানচালক ছিলেন। তাঁরা একটি আন্তর্জাতিক কুরিয়ার কোম্পানির জন্য কাজ করছিলেন।হামলার দায় স্বীকার করে হেজব-ই-ইসলামির মুখপাত্র জুবায়ের সিদ্দিকি জানান, যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী ভিডিও প্রচারের প্রতিক্রিয়ায় একজন নারী তাঁর পোশাকে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। কাবুলে একজন নারীর আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা এটিই প্রথম বলে পুলিশ জানিয়েছে।যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের ওই চলচ্চিত্রের কিছু দৃশ্য ইউটিউবে প্রচারিত হওয়ার পর থেকে বিভিন্ন দেশে এর প্রতিবাদে বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। এর জের ধরে গতকাল সোমবার রাজধানী কাবুলে পুলিশের সঙ্গে কয়েক হাজার বিক্ষোভকারীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি পোড়ান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়েন।আফগানিস্তানে ন্যাটোর বিদেশি সেনাদের ওপর অভ্যন্তরীণ হামলা নিয়ে উত্কণ্ঠায় ন্যাটোর কর্তৃপক্ষ। চলতি বছর ন্যাটোর সেনাদের ওপর ৩৬ বার এ ধরনের হামলা চালানো হয়। আফগান পুলিশ ও সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিরা এসব হামলা চালান। এতে ন্যাটোর ৫১ জন বিদেশি সেনা নিহত হয়। গত রোববার জাবুল প্রদেশের মিজান এলাকার একটি তল্লাশি চৌকিতে আফগান পুলিশের পোশাক পরা কয়েকজনের হামলায় চার মার্কিন সেনা নিহত হয়।