কাবুলে আত্মঘাতী বোমায় নিহত ৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্সের (ইসাফ) সদর দপ্তরের খুব কাছে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।আজ শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তবে হামলায় ইসাফের কোনো সেনার ক্ষতি হয়নি।ইসাফের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী একটি মোটরসাইকেলে এসে ঘটনাস্থলে বোমার বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, হামলার পর ক্যাম্প এগার্সে অবস্থিত ইসাফ সদর দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে প্রায় আড়াই হাজার সেনার অবস্থান ছিল।প্রতিবেদনে বলা হয়, হামলায় যেসব শিশু মারা গেছে, তারা সম্ভবত রাস্তার পাশে খুচরা খাবার ও অন্যান্য দ্রব্য বিক্রি করত। রয়টার্সের আর এক প্রতিবেদনে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়, হামলার পর অ্যাম্বুলেন্সে করে যাদের হাসপাতালে নেওয়া হয়, তাদের মধ্যে কয়েকজন অল্পবয়সী শিশুও ছিল।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্তদের অধিকাংশ শিশু। এরা ইসাফের দপ্তরের সামনে সেনাদের কাছে ছোটখাটো দ্রব্যাদি বিক্রি করত।’তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার লোকদের হত্যা করার জন্যই তাঁরা ওই হামলা চালিয়েছেন।হামলাটি এমন একদিন চালানো হলো, যখন তালেবানবিরোধী নেতা আহমেদ শাহ মাসুদের ১১তম মৃত্যুবার্ষিকী পালনের জন্য তাঁর সমর্থকেরা কাবুলে ভিড় জমিয়েছেন। দিনটি আফগানিস্তানে বিশেষ দিন হিসেবে পালিত হয়ে আসছে। এদিন সাধারণ ছুটিও থাকে। মাসুদ যুক্তরাষ্ট্রের সহায়তায় গত আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত দখলদারির বিরুদ্ধে লড়াই করেছিলেন। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর আল-কায়েদার এক হামলায় তিনি নিহত হন।