কাবুলে আত্মঘাতী হামলায় ১৪ ন্যাটো সেনা নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শনিবার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর গাড়িবহরে তালেবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় ১৪ জন নিহত হয়েছে। নিহত লোকজনের মধ্যে ন্যাটোর সদস্যরাও রয়েছেন। পুলিশের মুখপাত্র হাশমত স্তানিকজাই জানান, স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে ন্যাটোর ওই গাড়িবহরে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ন্যাটোর ১০ সদস্য, তিনজন বেসামরিক লোক ও একজন পুলিশ নিহত হন। এ ঘটনার পর আফগান ও ন্যাটো বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, গাড়িবহরের একটি বাসকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ন্যাটো বাহিনীর নিহত লোকদের মধ্যে বেশির ভাগই মার্কিন নাগরিক। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি বলেন, তিন বেসামরিক লোক ও এক পুলিশ নিহত হওয়ার খবর তাঁর জানা আছে। তবে বিদেশি বাহিনীর সদস্যদের নিহত হওয়ার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, কাবুলের দার-উল-আমান এলাকায় বিদেশি সেনাদের একটি বাসে ওই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। একই দিন আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে পৃথক ঘটনায় এক ব্যক্তি আফগান সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়ক বাহিনীর (আইএসএএফ) দুই সেনাকে গুলি করে হত্যা করেছেন। ন্যাটো জানায়, এ ঘটনায় ওই ব্যক্তিকেও গুলি করে হত্যা করা হয়েছে। তবে তারা ঘটনার বিস্তারিত জানায়নি। ওয়েবসাইট