আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনীর হাতে এসেছে। গত মঙ্গলবার রাতে আত্মঘাতী ও ভারী অস্ত্রধারী তলেবান জঙ্গিরা হোটেলটিতে হামলা চালিয়েছিল। ন্যাটো বাহিনী আজ বুধবার সকালে হোটেলের ছাদে উঠে আসা তিনজন জঙ্গিকে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে হত্যার মাধ্যমে হোটেলটির নিয়ন্ত্রণ নেয়। হোটেলটিতে তালেবানের হামলায় কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। জঙ্গিরাও সবাই নিহত হয়েছে। পুলিশ এখন হোটেলটিতে মোট মৃত্যুর সংখ্যা নির্ণয়ের কাজ করছে।আফগান নিরাপত্তা বাহিনী এখন হোটেলটি ঘিরে রেখেছে। সেই সঙ্গে পুলিশ সকাল থেকে হোটেলের কক্ষে কক্ষে তল্লাশি চালাচ্ছে। কাবুলের পুলিশপ্রধান আইয়ুব সালাঙ্গি বলেন, হতাহত বা নিরাপত্তার কোনো হুমকি আছে কি না, তা চিহ্নিত করতে পুলিশ এখন কাজ করছে।কাবুল পুলিশের অপরাধ ইউনিটের প্রধান মোহাম্মদ জহির বার্তা সংস্থাকে বলেন, ইন্টারকন্টিনেন্টালে ছয়জন আত্মঘাতী হামলাকারীর সহিংসতায় হোটেল কর্মীসহ কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি বলেন, হামলায় অন্তত ছয়জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়। তিনি আরও জানান, হামলায় ছয় থেকে সাতজন তালেবান জঙ্গি অংশ নেয়। তারা সবাই নিহত হয়েছে।আফগানিস্তানে ন্যাটো বাহিনীর একজন মুখপাত্র জানান, হামলার পর হোটেলটির ছাদে ন্যাটোর বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে তিন জঙ্গিকে হত্যা করে।বার্তা সংস্থা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলার দুই ঘণ্টার মধ্যে সাতটি বিস্ফোরণ ও তুমুল বন্দুকযুদ্ধের শব্দ হয়। একজন প্রত্যক্ষদর্শী জানায়, হোটেল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। তবে কোনো আগুনের চিহ্ন দেখা যায়নি।হোটেলটির একজন অভ্যর্থনা কর্মী বলেন, জঙ্গিরা কিছু টেপ রেকর্ডার নিয়ে হোটেলে ঢুকেছিল। হামলার সময় সেগুলোতে তালেবান যুদ্ধের গান বাজানো হয় এবং তারা তখন যাকে দেখেছে তাকে গুলি করেছে।তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে হামলার দায় স্বীকার করেছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে ২০১২ সাল নাগাদ ৩৩ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার এক সপ্তাহ মধ্যে এ হামলা হলো। ওবামার ওই ঘোষণায় চলতি বছরের শেষ নাগাদ ১০ হাজার সেনা প্রত্যাহারের কথা রয়েছে।