কাবুলে ন্যাটো দপ্তরের কাছে কিশোরের হামলা, নিহত ৬
আফগানিস্তানের কাবুলে ন্যাটো সদর দপ্তরের কাছে ১৪ বছরের এক কিশোরের আত্মঘাতী হামলায় শিশুসহ ছয়জন নিহত হয়েছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে ন্যাটো ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।রয়টার্স জানায়, ওই কিশোর শরীরে বিস্ফোরক বেঁধে সাইকেলে করে ন্যাটো সদর দপ্তরের কাছে গিয়ে আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণের পরপর ঘটনাস্থলের পাশের রাস্তায় নিহত ব্যক্তিদের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। চুইংগামসহ ছোট সামগ্রী বিক্রি করে অর্থ আয়ের আশায় সদর দপ্তরের আশপাশে আসা শিশুরাও হামলায় হতাহত হয়েছে।আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী জানান, হামলায় শিশুসহ ছয়জন সাধারণ নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছে।কাবুলের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ বছরের এক কিশোর আত্মঘাতী হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। তবে ১৪ বছরের কিশোরকে হামলার জন্য পাঠানোর কথা তারা অস্বীকার করেছে। তালেবানের পক্ষে জানানো হয়, ২৮ বছর বয়সী যুবকের হামলা চালানোর লক্ষ্যবস্তু ছিল কাবুলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কার্যালয়।হামলায় কিশোরকে ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী ইসাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গুন্টার কার্টজ বলেছেন, নিজেদের স্বার্থে শিশু-কিশোরদের ব্যবহার করে বিদ্রোহীরা নিজেদের জঘন্য কৌশলকেই তুলে ধরেছে।এদিকে আফগানিস্তানে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, কোমলমতি কিশোরকে হামলার কাজে ব্যবহারের মধ্য দিয়ে বিদ্রোহীদের প্রকৃত রূপ উন্মোচিত হয়েছে।