কাবুলে ব্রিটিশ কাউন্সিল ও জাতিসংঘ দপ্তরে বোমা বিস্ফোরণে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯২তম স্বাধীনতা দিবসে আজ শুক্রবার সকালে বোমা হামলায় প্রকম্পিত হয়ে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ও জাতিসংঘের দপ্তর। জোড়া বোমা হামলার এ ঘটনায় আফগান পুলিশের আটজন সদস্য ও একজন বিদেশি সেনা নিহত হয়েছেন। দেশটির তালেবান জঙ্গিরা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। পুলিশ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির বলেন, ‘বিস্ফোরণে আফগান জাতীয় পুলিশের আটজন সদস্য ও একজন বিদেশি সেনা নিহত হয়েছেন।’ তবে তিনি নিহত বিদেশি সেনার পরিচয় নিশ্চিত করতে পারেননি। বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর পাঁচটা ৩৮ মিনিটে প্রথম বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ১০ মিনিট পর।কাবুল পুলিশের মুখপাত্র হাশমাতুল্লাহ স্তানিকজাই বলেন, একটি স্কুল এলাকায় ‘খুবই উচ্চ আওয়াজের’ তৃতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী ও ব্রিটিশ দূতাবাস ব্রিটিশ কাউন্সিলে জোড়া বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে জাতিসংঘ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল ও জাতিসংঘ দপ্তরে ওই হামলা আমরাই চালিয়েছি।’ কাবুলে ব্রিটিশ কাউন্সিল ও জাতিসংঘ ভবন এলাকাটি খুবই সুরক্ষিত। ন্যাটো বাহিনী দেশটির কয়েকটি এলাকার নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়ার এক মাস পর কাবুলে এ বিস্ফোরণ ঘটল। ২০১৪ সালের মধ্যে দেশটির পুরো দায়িত্ব নিজস্ব বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা।আফগানিস্তানে আজ সরকারি ছুটি। ১৯১৯ সালের এ দিনে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। রয়টার্স ও বিবিসি।