কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটোর দপ্তরে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর দপ্তরে (ইসাফ) বোমা হামলা চালিয়েছে তালেবানের আত্মঘাতী জঙ্গিরা। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় পুলিশ ও হামলাকারীসহ ছয় জন নিহত হয়েছেন।কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘চার-পাঁচজন তালেবান সদস্য মর্টার, রকেট ও বন্দুক নিয়ে দূতাবাসের বিভিন্ন তলায় এখনো হামলা চালাচ্ছে।’তালেবান জঙ্গিদের লক্ষ্য করে আফগান নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি ছুড়ছে। এ ছাড়া পুলিশ ও নিরাপত্তাকর্মীরা মার্কিন দূতাবাসের চারদিকের রাস্তা বন্ধ করে রেখেছেন বলেও জানা গেছে। একই সঙ্গে কাবুলের আবদুল হক চত্বরের ওই ভবনের ওপর ন্যাটোর দুটি হেলিকপ্টার টহল দিচ্ছে।এরই মধ্যে তালেবান জঙ্গিরা এই হামলার দায়ভার স্বীকার করেছে। তারা বলছে, হামলাকারীদের সঙ্গে রকেটচালিত গ্রেনেড, আত্মঘাতী বোমা ও একে-৪৭ রাইফেল রয়েছে।তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টেলিফোনে রয়টার্সকে জানান, হামলাকারীদের লক্ষ্য গোয়েন্দা সংস্থার ভবন ও একটি মন্ত্রণালয়। তবে মার্কিন দূতাবাস ও ন্যাটোর সদর দপ্তরেও হামলা চালানো হচ্ছে।মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যারি হান্নান এক বিবৃতিতে বলেন, জঙ্গিরা দূতাবাস এলাকায় রকেটচালিত গ্রেনেড ও ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। বর্তমানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী নিরাপদে আছেন।