কাবুলে সুরক্ষিত এলাকায় তালেবানের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে কঠোর নিরাপত্তাবেষ্টিত কূটনৈতিক পাড়া, পার্লামেন্ট ভবন এলাকাসহ কয়েকটি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে তালেবান। হামলা চালানো হয়েছে জার্মান দূতাবাসেও। পুলিশ একজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। সুরক্ষিত ওই এলাকায় জাতিসংঘের কার্যালয়, মার্কিন সামরিক ঘাঁটি ও প্রেসিডেন্ট প্রাসাদও রয়েছে। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তাঁরা কাবুলের কূটনৈতিক এলাকা, সামরিক জোট ন্যাটোর সদর দপ্তর ও পার্লামেন্ট ভবন এলাকায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা নেন। তবে জার্মান ও ব্রিটিশ দূতাবাসই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল।আফগানিস্তানের ন্যাটো কর্তৃপক্ষ বলছে, কাবুলের অন্তত সাতটি এলাকায় হামলা চালানো হয়েছে। এ সময় সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এদের সবাই তালেবান সদস্য।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলাকারীরা কাবুলে সুরক্ষিত কূটনৈতিক পাড়ার একটি বাড়ি লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড হামলা চালায়। ওই বাড়িটি ব্রিটিশ কূটনীতিকেরা ব্যবহার করতেন। হামলাকারীদের ছোড়া গ্রেনেড বাড়ির মূল ফটকে পড়ে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় ও ধোঁয়া উড়তে দেখা যায়। হামলাকারীদের ছোড়া আরও দুটি গ্রেনেড যুক্তরাজ্যের দূতাবাসের নিরাপত্তা টাওয়ারের কাছে গিয়ে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আত্মঘাতী হামলাকারীরা গতকাল রোববার কাবুলের স্টার হোটেলে ঢুকে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেখানে গোলাগুলির শব্দও পাওয়া যায়। পরে কয়েকজন হামলাকারী পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তাকর্মীরা তাদের হটিয়ে দেন।কাবুলের পুলিশপ্রধান আইয়ুবি সালাঙ্গি বলেন, পার্লামেন্ট ভবনের কাছে পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়। রাজধানীর আরও দুটি এলাকায় সুউচ্চ ভবনের ওপর অবস্থান নিয়ে গুলি ছুড়েছে তালেবান।জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, হামলায় দূতাবাস ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাভিন সান্ডওয়াল জানান, কাবুলে মার্কিন দূতাবাসের সব কর্মকর্তা নিরাপদে আছেন। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাবুল ছাড়াও লোগার প্রদেশে সরকারি ভবন, জালালাবাদে বিমানবন্দর ও পাকিতা প্রদেশের গারদেজ শহরেও পুলিশ বাহিনী লক্ষ্য করে হামলা চালানোর খবর পাওয়া গেছে।বিশ্লেষকেরা বলছেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। কিন্তু এই হামলার পর বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগান বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এএফপি ও বিবিসি।