কাবুলে সেনা পাঠাতে বাংলাদেশের প্রতি অনুরোধ যুক্তরাষ্ট্রের
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুজাতিক উদ্যোগে সহায়তা হিসেবে সে দেশে সেনা পাঠানোর জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে নিউইয়র্কে অবস্থিত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুক এ অনুরোধ জানান। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি ও বিবিসির।বিবৃতিতে বলা হয়, রিচার্ড হলব্রুক বলেছেন, আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ‘বাংলাদেশের মতো বন্ধু দেশের’ সাহায্য দরকার। তিনি সেখানে সেনা মোতায়েন, আর্থিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতাদান এবং সেখানকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রশিক্ষণ দেওয়ার মতো কাজেও বাংলাদেশকে এগিয়ে আসার আহ্বান জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর সরকার যুক্তরাষ্ট্রের এ আবেদন বিবেচনা করে দেখবে। তিনি বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে। দক্ষিণ এশিয়ায় বিশেষ করে আফগানিস্তানে শান্তি পুনরুদ্ধারে তাঁর দেশ সর্বাত্মকভাবে সহায়তা করবে। বিবিসি জানায়, দীপু মনি মার্কিনিদের এ আশ্বাস দিয়েছেন যে বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা চলবে।এদিকে আফগানিস্তানে সেনা পাঠানোর বিষয়ে মার্কিন এ অনুরোধ বাংলাদেশ সরাসরি গ্রহণ বা নাকচ না করলেও অনুরোধের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী।প্রসঙ্গত, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ থাকলেও আফগানিস্তানে বাংলাদেশের কোনো সেনা নেই।