কাবো ছাড়াই হজ ফ্লাইট শুরু ২৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর থেকে। ওই দিন ভোরে তিন শতাধিক হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।নাইজেরিয়ার বিতর্কিত কাবো এয়ারলাইনসের উড়োজাহাজ ছাড়াই বিমান বাংলাদেশ হজ ফ্লাইটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কর্তৃপক্ষ আশা করছে, গত বছরের মতো এবারও সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।ধর্ম মন্ত্রণালয়ে গতকাল সোমবার হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সভা হয়। সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের বলেন, ৩৫০টি এজেন্সি এবার হজযাত্রী আনা-নেওয়ার ব্যবস্থাপনায় যুক্ত। এর মধ্যে ১৩টি হজ এজেন্সি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তার নিরসন হয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে যাবেন মোট এক লাখ সাত হাজার ৩৪৫ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ ৩৬ হাজার ২২০ জন হজযাত্রী বহন করবে। বাকি হজযাত্রী পরিবহন করবে সাউদিয়া, নাস এয়ারলাইনস, এমিরেটস ও ঢাকা থেকে চলাচলকারী আরও কয়েকটি উড়োজাহাজ সংস্থা।হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এবারও কাবো এয়ারলাইনস থেকে একটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করার চেষ্টা করেছিল। হজ ফ্লাইটের একটি উড়োজাহাজ ভাড়া করতে গত জানুয়ারি থেকে চার দফা দরপত্র বা প্রস্তাব (রিকোয়েস্ট ফর প্রপোজাল—আরএফপি) আহ্বান করা হয়। বিভিন্ন অজুহাতে ওই সব দরপত্র বাতিল করা হয়। পরে শেষ মুহূর্তে ‘বিকল্প নেই’ উল্লেখ করে কাবো থেকে একটি বোয়িং ৭৪৭ ভাড়া করার প্রস্তাব উত্থাপন করে বিমান কর্তৃপক্ষ। প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আগের বছরের হজ ফ্লাইট নিয়েও।প্রথম আলোয় গত ৫ আগস্ট ‘এবার কাবোতে কাবু বিমান, হজ ফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়ায় আবার সংকট’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এর পরদিন বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভায় কাবো থেকে উড়োজাহাজ ভাড়া করার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়। এখন তারা বাড়তি উড়োজাহাজ ভাড়া না করেই হজ ফ্লাইট পরিচালনা করবে। বিমান কর্তৃপক্ষ বলছে, এতে তাদের কোনো সমস্যা হবে না।বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলাম প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে এক বছরের জন্য ভাড়া করা একটি বোয়িংসহ নিজস্ব একটি ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। এ ছাড়া জেদ্দাগামী নিয়মিত ফ্লাইটও হজযাত্রী পরিবহন করবে।গতকাল বিমান বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ফ্লাইটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা ২৯ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রাক-হজ এবং ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।