ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গতকাল রোববারও যানজটের সৃষ্টি হয়। ভোর সাড়ে ছয়টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হলে যানজন দীর্ঘ হয়। মহাসড়ক পুলিশ সকাল নয়টার দিকে কাভার্ডভ্যানটি সরাতে পারলেও পুরো মহাসড়কে জট লেগে যায়।এরই মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে কুমিল্লা বিশ্বরোড এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারব্যাপী যানজট থাকে দুপুর ১২টা পর্যন্ত। কাচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার যানজট থাকে সকাল থেকে রাত পর্যন্ত।সবচেয়ে বেশি যানজট গাজীপুর-মদনপুর ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায়। সেখানে সকাল থেকে পণ্যবাহী ট্রাক ও কার্গোর দীর্ঘ সারি দেখা গেছে।আটকা পড়ে রোগী, নারী ও শিশুরা খাবার, শৌচাগারসহ বিভিন্ন সমস্যায় পড়ে। কুমিল্লা শহর থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের চালক দুলাল মিয়া ও আমির মিয়া বলেন, ‘যানজটের কারণে দুই দিন ধরে এক ঘণ্টার পথ অতিক্রম করতে ছয় ঘণ্টা লাগছে। এতে আমরা আর্থিক ও শারীরিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ঢাকা থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহনের চালক হজরত আলী বলেন, ‘ঢাকার সায়েদাবাদ থেকে বাস ছাড়ার পর থেকে যানজট শুরু হয়। কাচপুর সেতু হয়ে মেঘনা সেতু পর্যন্ত যেতে অন্য সময় ৪৫ মিনিট লাগলেও আজ তিন ঘণ্টা লাগে।’যানজটের কারণ: দাউদকান্দি মহাসড়ক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, ‘অন্য সড়কের গরুবোঝাই লক্কড়ঝক্কড় ট্রাকগুলো এ সড়কে এসে কীভাবে চালাবে বুঝতে পারে না। অনেক সময় ধীরগতিতে যানবাহন চালানোয় এবং সড়ক দুর্ঘটনার পর প্রয়োজনীয় রেকার না থাকায় যানজটের সৃষ্টি হয়।’দাউদকান্দির কবি আলী আশরাফ খান বলেন, ‘মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার থাকায় এবং ধীরগতির নছিমন-করিমন, ইজিবাইক চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে।’৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ: ভ্রাম্যমাণ আদালত গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারের অর্ধশতাধিক এবং চান্দিনা উপজেলার বাগুর বাসস্ট্যান্ড ও মাধাইয়া বাসস্ট্যান্ডের প্রায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ও চান্দিনার ইউএনও মো. জাকির হোসেন।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মো. আবদুর রহমান ঢালী, দাউদকান্দি (কুমিল্লা); এ বি এম আতিকুর রহমান, দেবীদ্বার (কুমিল্লা) ও মনিরুজ্জামান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)]