কামরাঙ্গীর চরে আগুনে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীর চরের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ তিনজন মারা গেছে। পুড়ে গেছে ৮০টি ঘর। গতকাল বুধবার দিবাগত রাতে কামরাঙ্গীর চরের কালুনগর মাহতাব সিএনজি স্টেশন-সংলগ্ন বস্তিতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জয়নাল (৭০)। মারা যাওয়া দুই শিশুর পরিচয় জানা যায়নি। লাশগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা ভজন সরকার প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত সোয়া দুইটার দিকে বস্তির একটি ঘরে আগুন লাগে। এ আগুন আশপাশের ছোট ঝুপড়িঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে রান্নাঘর থেকে এ আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।