কামরাঙ্গীরচরে নেই ঢাকা ওয়াসার সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর ঘাটে একসঙ্গে অনেক মহিলা জড়ো হয়েছেন। কেউ গোসল করছেন, কেউ কাপড় কাচছেন, কেউবা থালা-বাটি ধুচ্ছেন। বাড়িতে কেন এই কাজ সারেন না—জানতে চাইলে তাঁরা জানালেন, তাঁদের বাড়িওয়ালারা পানির পাম্প খুব কম সময় ছাড়েন। যখন ছাড়েন, বালতি ও ড্রামে পানি জমিয়ে রাখতে হয়। সেই কাজে খাওয়া, রান্না আর শৌচাগারের কাজ চলে। নদীর পানিতে অন্যান্য কাজ সারেন তাঁরা। বাড়ি ফেরার সময় তাঁদের কেউ কেউ কলসিতে পানি ভরে নিচ্ছেন। অথচ এই নদীর পানিতেই আবার গরু-ছাগল গোসল করাতে দেখা গেল।এভাবেই চলছে কামরাঙ্গীরচরবাসীর দিন। ঢাকা ওয়াসার প্রতিষ্ঠাস্থল ওয়াটার ওয়ার্কস রোডের কাছের এলাকা হলেও সেখানে এখনো পৌঁছায়নি তাদের সেবা। কবে পৌঁছাবে, তাও কেউ বলতে পারেন না। বাড়িওয়ালারা নিজেরাই গভীর নলকূপ বসিয়ে নিয়েছেন। কারও বাড়িতে আছে চাপকল, কেউবা মোটরের সাহায্যে গভীর নলকূপ থেকে পানি তোলেন। যাঁদের সেই সামর্থ্য নেই, তাঁরা প্রতিবেশীর বাড়ি থেকে পানি সংগ্রহ করে পানির চাহিদা মেটাচ্ছেন। আবার কেউ নির্ভর করছেন নদীর পানির ওপর।কামরাঙ্গীরচরের সোবহানবাগের বাসিন্দা শাহিদা বেগম বললেন, ‘পুরুষেরা তো নদীতে যায়-ই, মহিলারাও নদীতে গোসল করতে যেতে বাধ্য হয়। শীতের সময় আমাদের কষ্ট আরও বেশি। তখন নদীর পানি ময়লা হয়ে যায়। পানি ফুটাইয়া খাওয়ার গ্যাস থাকে না। এইবার গরমের সময়ও পানি ফুটাইয়া খাইতে পারি না। কারণ, দিনের বেলা চুলায় গ্যাস থাকে না।’ষাটোর্ধ্ব রোকেয়া বেগম ভাড়া থাকেন এক বাড়িতে, আর পানি আনেন আরেক বাড়ি থেকে। কারণ, তাঁদের বাড়িতে পানির ব্যবস্থা নেই।কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক রাস্তাঘাটে পানি জমে আছে। এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের জন্য কোনো লাইন নেই। আবার শৌচাগারের তরল বর্জ্য সরানোর নালা তাঁদের নিজেদের তৈরি করতে হয়। অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর পরিবেশে পয়োনিষ্কাশন হচ্ছে। কোথাও কোথাও দেখা গেছে কাঁচা পায়খানা।রহমতবাগের বাসিন্দা ইলিয়াস বাবুল বলেন, ‘পুরো কামরাঙ্গীরচর যেন একটি ডাস্টবিন। আমাদের এখানকার সব বর্জ্য যায় নদীতে। ফলে নদীর পানি দূষিত হচ্ছে। বুড়িগঙ্গা নদী রক্ষা করতে হলে কামরাঙ্গীরচরে ওয়াসার সেবার ব্যবস্থা করা জরুরি।’কামরাঙ্গীরচরে ঢাকা ওয়াসার সেবা না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ রশিদ সরকার। তিনি জানালেন, মহানগরে বসবাস করেও তাঁরা ঢাকা ওয়াসার সেবা পাচ্ছেন না। এভাবে তাঁরা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের এলাকার পয়োনিষ্কাশনের হাল করুণ। ঢাকা ওয়াসা পানি ও পয়োনিষ্কাশন সেবা দিতে এগিয়ে আসবে বলে তিনি আশা করছেন।কামরাঙ্গীরচরে সেবা দেওয়ার বিষয়ে কোনো আশার কথা শোনাতে পারলেন না ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) উপব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের হাতে কামরাঙ্গীরচর নিয়ে কোনো প্রকল্প নেই। সামনেও হবে কি না তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে বিশ্বব্যাংকের অর্থায়নে স্বল্প-আয়ের মানুষের পানি ও পয়োনিষ্কাশন সেবা দিতে একটি প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।’ ওই প্রকল্পের মাধ্যমে কামরাঙ্গীরচরে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়ার সুযোগ আসতে পারে বলে তিনি জানান।